শ্রম, কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, গরিব অ্যান্ড গরিব সোয়েটার কারখানায় আগুনে প্রাণহানির ঘটনায় মালিকপক্ষের কোনো ত্রুটি পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গত শনিবার সকালে গাজীপুরের ওই কারখানা পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপাকালে তিনি এ কথা বলেন। শ্রমমন্ত্রী বলেন, এ ধরনের ঘটনায় অতীতে অনেক তদন্ত কমিটি হয়েছে। কিন্তু সেগুলোর প্রতিবেদন প্রকাশ পায়নি। এবার প্রতিবেদন প্রকাশ করে দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে। ভবিষ্যতে যাতে কোনো কারখানায় এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, সে জন্য পর্যবেক্ষণ দল গঠন করা হচ্ছে। শিগগিরই শিল্প-পুলিশ চালু করা হবে। পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. ইস্রাফিল আলম, সাংসদ আ ক ম মোজাম্মেল হক, বিজিএমইএর সভাপতি সালাম মোর্শেদী উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার রাতে গাজীপুরে গরিব অ্যান্ড গরিব সোয়েটার কারখানায় অগ্নিকাণ্ডের সময় ছয়তলা কারখানার ওপর অনুমোদন ছাড়া নির্মিত টিনের ছাপরায় আটকে ২১ জন শ্রমিক প্রাণ হারান। এ ঘটনায় তিনটি তদন্ত কমিটি করা হয়েছে। জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি গতকাল রোববার সন্ধ্যায় কারখানা পরিদর্শন করে বিভিন্ন তথ্য সংগ্রহ করে। কমিটির সদস্য গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক রফিকুল ইসলাম বলেন, ঘটনার প্রত্যক্ষদর্শী পাওয়া যাচ্ছে না। তদন্ত শেষ পর্যায়ে। আজ সোমবার প্রতিবেদন প্রকাশ হতে পারে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘটনা প্রসঙ্গে গণমাধ্যমে প্রকাশিত খবর গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।