অগ্নিকাণ্ডে শিশুর মৃত্যু, আহত ১
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দিগদাইড় ইউনিয়নের ভাদেরা গ্রামে গত রোববার দিবাগত রাতে অগ্নিকাণ্ডে খাদিজা আক্তার (৯) নামের একটি শিশু মারা গেছে। শিশুটির অগ্নিদগ্ধ দাদিকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খাদিজা ওই গ্রামের আফির উদ্দিনের মেয়ে। সে স্থানীয় ভাদেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে পড়ত। আফির উদ্দিন (৩৫) স্ত্রী ও দুই সন্তান নিয়ে ঢাকায় রিকশা চালান। খাদিজা দাদির (৭০) সঙ্গে বাড়িতে থাকত।
ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন জানান, রোববার দিবাগত রাত আড়াইটার দিকে আফির উদ্দিনের ভাই আকবর মিয়ার গোয়ালঘরে মশা তাড়ানোর ধোঁয়া থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুনে দুটি গরুসহ গোয়ালঘর ও আরও তিনটি ঘর পুড়ে যায়। বসতঘরে আগুন লাগার পর খাদিজার দাদি কোনোমতে ঘর থেকে বের হয়ে যান। পরে স্থানীয় লোকজন খাদিজার অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করেন।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে গতকাল সোমবার বাড়ি ফেরেন খাদিজার বাবা-মা।
ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বলেন, প্রায় পাঁচ লাখ টাকার মালামাল পুুড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।