অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত হলেন তরিকুল
আগুন মুহূর্তের মধ্যে পথে বসিয়ে দিল যুবক তরিকুল ইসলামকে (৩২)। এতে চাটাই দিয়ে ঘেরা তাঁর দুই কক্ষের একমাত্র টিনের ঘরটি ছাই হয়ে গেছে। গতকাল রোববার ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপালী গ্রামে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তরিকুল উপজেলার নলভাঙ্গা গ্রামের ইসাহক আলীর ছেলে।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মতিয়ার রহমান বলেন, সকাল ১০টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বিদ্যুতের লাইন থেকে এই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
তরিকুল বলেন, দরিদ্র পরিবারে জন্ম হওয়ায় পড়ালেখা সেভাবে করতে পারেননি। সাত বছর আগে কালীগঞ্জ শহরের নিমতলা বাসস্ট্যান্ডে ফলের দোকান দেন। পরে চাপালী গ্রামের কুঠিপাড়ায় দুই শতক জমি কেনেন। ওই জমিতে চাটাই ও টিন দিয়ে দুই কক্ষের ঘর করেন। সেই ঘরে বৃদ্ধা মা পরিছন নেছা, স্ত্রী সোনালী বেগম আর সাত বছরের মেয়েকে নিয়ে সংসার করছিলেন। মা একটি কক্ষে শুয়ে ছিলেন। সকাল পৌনে ১০টার দিকে ঘরে আগুন লাগে। ১০ হাজার টাকা ছিল টেবিলের ড্রয়ারে, তা পুড়ে গেছে। আগুনে তাঁর প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।
কান্নাজড়িত কণ্ঠে তরিকুল বলেন, এখন অন্যের কাছে হাত পাতা ছাড়া তাঁর কোনো উপায় নেই। পরনের কাপড় ছাড়া আর কিছুই নেই। এখন জানেন না, মা আর স্ত্রী-সন্তান নিয়ে কীভাবে বেঁচে থাকবেন।