অগ্নিকাণ্ডে ১০ দোকান, নয়টি ঘর ভস্মীভূত
কুড়িগ্রামের রৌমারী উপজেলার কর্ত্তিমারী বাজারে গতকাল রোববার অগ্নিকাণ্ডে ১০টি দোকান ভস্মীভূত হয়েছে। একই দিন রংপুরের তারাগঞ্জ উপজেলার পশ্চিম রহিমাপুর গ্রামে আগুনে চারটি পরিবারের নয়টি ঘর পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শী জানান, কর্ত্তিমারী বাজারে ভোররাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ফরহাদের সার ও কীটনাশকের দোকানে আগুন লাগে। এ এলাকায় ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় স্থানীয় লোকজন তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় অর্ধকোটি টাকা ক্ষতি হয়েছে। সকালে কুড়িগ্রাম-৪ আসনের সাংসদ রুহুল আমিন ও রৌমারীর ইউএনও আবদুল হান্নান ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে তারাগেঞ্জর পশ্চিম রহিমাপুর গ্রামে বেলা দেড়টার দিকে মহুবার স্ত্রী আঞ্জুয়ারা চুলায় রান্না বসিয়ে লবণ আনতে পাশের বাড়ি যান। এ সময় রান্নাঘরে আগুন লেগে যায়। এ আগুন দ্রুত ছড়িয়ে পড়লে চারটি পরিবারের নয়টি ঘর ও আসবাব ভস্মীভূত হয়।