অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের আমতলী পাটোয়ারী পুকুরপাড় বাজারে গত বুধবার মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনায় ১২টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২৫ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বুধবার রাত প্রায় তিনটার দিকে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে এবং মুদি, মনিহরি, ওষুধ, ফার্নিচার ও খাবার দোকানসহ ১২টি দোকান ভস্মীভূত হয়। খবর পেয়ে ফেনী থেকে দমকল বাহিনী এবং ফেনী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডের ঘটনায় তাঁদের প্রায় ২৫ লাখ টাকা সম্পদের ক্ষতি হয়েছে। দমকল বাহিনীর সদস্যদের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।