অগ্নিকাণ্ডে ১৩টি দোকান ও আটটি ঘর পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরে গত রোববার রাতের অগ্নিকাণ্ডে পুড়ে গেছে দোকানপাট। গতকাল সকালে তোলা ছবি l প্রথম আলো
বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরে গত রোববার রাতের অগ্নিকাণ্ডে পুড়ে গেছে দোকানপাট। গতকাল সকালে তোলা ছবি l প্রথম আলো

বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরে গত রোববার এক অগ্নিকাণ্ডে ১৩টি দোকান ও আটটি বাড়ি সম্পূর্ণ এবং ও তিনটি দোকান আংশিক পুড়ে গেছে।
আগুন নেভাতে গিয়ে ব্যবসায়ীসহ কমপক্ষে ২০ জন আহত হন। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ কোটি টাকা বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দাবি করেছেন।
গৌরনদীর দুটি, উজিরপুরের একটি ও বরিশাল ফায়ার সার্ভিসের একটিসহ চারটি ইউনিটের কর্মীরা সোয়া চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভাতে গিয়ে আহত ২০ জনের পাঁচজনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী, ক্ষতিগ্রস্ত লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার দিবাগত রাত সাড়ে তিনটায় বন্দরের রশিদ পাইকের টিভি-ফ্রিজ মেরামতের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মূহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।
স্থানীয় ব্যবসায়ী চঞ্চল মাঝি ও শাহাবুব শরীফসহ অনেকে জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই পুরো বন্দরে আগুন ছড়িয়ে পড়ে।

আগুনে মেরিকো বাংলাদেশ ও জিএসকের স্থানীয় পরিবেশক তরিকুল ইসলাম দীপু মাঝির ব্যবসাপ্রতিষ্ঠান ও কাজী আল আমীনের ব্যবসায়ী প্রতিষ্ঠানও গুদাম, বসুন্ধরা পেপারের পরিবেশক আবদুর রবের দুটি গুদাম, বিসমিল্লাহ ট্রেডার্স, নিখিল রায়ের দুটি সয়াবিন তেলের গুদাম, হাসানাত খানের মুদি দোকান ও গুদাম, মন্টু সরদারের তৈরি পোশাকের দোকানসহ ১৩টি দোকান ও আটটি বাড়ি পুড়ে যায়।

ব্যবসায়ী তরিকুল ইসলাম জানান, তাঁর গুদাম ও দোকানের মালামাল এবং টাকাসহ প্রায় ৬০-৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

পুলিশের বরিশাল রেঞ্জের উপমহাপরিদর্শক হুমায়ুন কবির, জেলা প্রশাসক শহিদুল আলম, পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহ ও গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ হাসান পাটোয়ারী বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।