অগ্নিকাণ্ডে ৩৫টি ঘর পুড়ে ছাই
নীলফামারীর জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলায় গত বৃহস্পতিবার পৃথক দুটি অগ্নিকাণ্ডে ১৭টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ছাড়া অগ্নিদগ্ধ হয়ে চারটি গরু ও দুটি ছাগল মারা গেছে। এদিকে রংপুরের তারাগঞ্জে গতকাল শুক্রবার অগ্নিকাণ্ডে ১৮টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে কিশোরগঞ্জের রণচি ইউনিয়নের বসুনিয়াপাড়া গ্রামের একরামুল হকের বাড়িতে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ওই গ্রামের চারটি পরিবারের ১১টি ঘর, আসবাবপত্র ও ঘরে রক্ষিত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে জলঢাকা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা।
রণচি ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান মকলেছুর রহমান বলেন, স্থানীয়ভাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
জলঢাকার মীরগঞ্জ ইউনিয়নের পাঠানপাড়া নদীরপাড় গ্রামে বৃহস্পতিবার রাত নয়টার দিকে অগ্নিকাণ্ডে অহিদুল ইসলাম (৪৫) ও তাঁর ছোট ভাই আবদুল গফ্ফারের (৪০) ছয়টি ঘর, আসবাব ও মালামাল পুড়ে যায়। এ সময় অগ্নিদগ্ধ হয়ে চারটি গরু ও দুটি ছাগল মারা যায়।
জলঢাকা ফায়ার সার্ভিসের দলনেতা মমতাজুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক দুই লক্ষাধিক টাকা।
এদিকে গতকাল বিকেল পাঁচটার দিকে তারাগঞ্জের হাড়িয়ারকুঠি ইউনিয়নের বড়বাড়ি গ্রামের খোতেজা বেওয়ার রান্নাঘরের চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত ঘটে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এতে ওই গ্রামের আমিনুল ইসলাম, মনছুর আলী, একাব্বার হোসেন, সাইফুল ইসলামসহ পাঁচ পরিবারের ১৮টি ঘর, ধান, চাল, তামাক পুড়ে ছাই হয়ে যায়। পরে রংপুর থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, এতে তাদের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।