অগ্নিকাণ্ডে ৪১ দোকান ভস্মীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের খান মার্কেটে গতকাল সোমবার অগ্নিকাণ্ডে ৩০টি দোকান পুড়ে গেছে। গত রোববার পিরোজপুর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় অগ্নিকাণ্ডে ১১টি ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে।
দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে অগ্নিকাণ্ডের প্রত্যক্ষদর্শীদের মধ্যে কমপক্ষে চারজন বলেন, গতকাল সকাল ছয়টার দিকে খান মার্কেটের আল আমিনের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা অন্যান্য দোকানেও ছড়িয়ে পড়ে। আগুনে কাপড়ের ও মুদি দোকানসহ ৩০টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়।
ছালাম খান, সেলিমসহ কয়েকজন ব্যবসায়ী বলেন, অগ্নিকাণ্ডে প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস কুমিল্লার উপসহকারী পরিচালক (ডিএডি) ফরিদ আহমেদ বলেন, খবর পেয়ে কুমিল্লা জেলা সদর, দাউদকান্দি, চান্দিনা ও হোমনার ফায়ার সার্ভিস বাহিনীর ইউনিটগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। সকাল ১০টা পর্যন্ত ওই আগুন জ্বলতে থাকে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কয়েকজন আহত হন।
পিরোজপুর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত দুইটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে কনফেকশনারি, ওয়ার্কশপ, সেলুন, খাবার হোটেল ও মুদি দোকানসহ ১১টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন। অগ্নিকাণ্ডে প্রায় ২১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।