অগ্নিকাণ্ডে ৪৫টি দোকান ভস্মীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর রায়পুরা উপজেলা সদরের বাজারে গত রোববার দিবাগত রাতে আগুন লেগে ৪৫টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা ধারণা করছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, রোববার রাত একটার দিকে সদরের বাজারে মিজান মিয়ার জুতার দোকান থেকে আগুনের শিখা বের হতে দেখা যায়। লোকজন এসে আগুন নেভানোর কাজে অংশ নেওয়ার আগেই তা দ্রুত ছড়িয়ে ভয়াবহ রূপ নেয়। পরে কিশোরগঞ্জের ভৈরব ও নরসিংদী সদর উপজেলা থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভানোর কাজে অংশ নেন। তিন ঘণ্টারও বেশি সময় পর গতকাল সোমবার ভোরে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভৈরব বাজার স্টেশন মাস্টার জামিল আহমেদ প্রথম আলোকে বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ৩৭টি ব্যবসাপ্রতিষ্ঠান পুরোপুরি পুড়ে গেছে। আর আটটি ব্যবসাপ্রতিষ্ঠানের সামান্য ক্ষতি হয়েছে। এগুলোর বেশির ভাগই কাপড় ও জুতার দোকান।অগ্নিকাণ্ডের খবর পেয়ে নরসিংদীর জেলা প্রশাসক অমৃত বাড়ৈ, রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুছ আলী ভূঞা, রায়পুরা পৌরসভার মেয়র আবদুল কুদ্দুছ মিয়া গতকাল সকাল নয়টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন। জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের পাঁচ হাজার টাকা করে অনুদান দেন।