অগ্নিকাণ্ডে ৬০ দোকান ভস্মীভূত, আতঙ্কে ব্যবসায়ীর মৃত্যু ২০ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা সদরের মধ্যবাজারে গতকাল শনিবার সকালে অগ্নিকাণ্ডে ৬০টি দোকান পুড়ে গেছে। এ ঘটনায় আহত হয়েছে প্রায় ২০ জন। এ সময় আতঙ্কে এক ব্যবসায়ীর মৃত্যু হয়। অগ্নিকাণ্ডে ৪০ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করছেন।ব্যবসায়ী ও করিমগঞ্জ থানা সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে বাজারে মন্টু পালের মালিকানাধীন একটি বস্তার দোকানে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে সরিষার তেলের চারটি কল, চালের ছয়টি আড়ত, মনিহারিসামগ্রীর পাইকারি দোকান ও বিভিন্ন খাদ্যশস্যের আড়ত ভস্মীভূত হয়েছে। খবর পেয়ে কিশোরগঞ্জ সদর, বাজিতপুর ও পাশের ময়মনসিংহ জেলার গফরগাঁও থেকে ফায়ার সার্ভিসের তিনটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তারা তিন ঘণ্টার চেষ্টায় বেলা একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বাজারের ব্যবসায়ী হাজি মো. আবুল কালাম, বুলবুল চৌধুরীসহ কয়েকজন বলেন, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ৪০ কোটি টাকার বেশি হবে। এদিকে অগ্নিকাণ্ডে নিজের দোকান পুড়ে যাওয়ার দৃশ্য দেখে হার্ট অ্যাটাকে কামাল হোসেন (৩৫) নামের একজন ব্যবসায়ী ঘটনাস্থলেই মারা যান। এ সময় আগুন নেভাতে গিয়ে আহত হন প্রায় ২০ জন। আহত ব্যক্তিদের করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। ফায়ার সার্ভিসের দায়িত্বরত সহকারী উপপরিচালক প্রাণনাথ সাহা ও করিমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।