অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার বেতজুরী এলাকায় আগুনে পুড়ে যাওয়া ডিগনিটি পোশাক কারখানার ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। গতকাল বুধবার সকালেও ফায়ার সার্ভিসের কর্মীদের সেখানে কাজ করতে দেখা গেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমদ খান প্রথম আলোকে বলেন, কারখানা থেকে এখনো মাঝেমধ্যে ধোঁয়া বের হচ্ছে। এ কারণে ফায়ার সার্ভিস কাজ করছে। তদন্ত চলছে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যাবে। তিনি আরও বলেন, কারখানায় শুধু অত্যাধুনিক অগ্নিনির্বাপণ-ব্যবস্থা থাকলেই চলবে না। সঙ্গে সঙ্গে দক্ষ ও প্রশিক্ষিত ১০ থেকে ২০ জন সদস্যকে সব সময় প্রস্তুত রাখতে হবে। শুরুতেই অর্থাৎ ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছানোর আগ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে রাখা গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমে আসবে।
কারখানার নিরাপত্তাকর্মী ফাইজুল ইসলাম বলেন, ভবনটি ভেঙে ওই ভাবেই পড়ে আছে। বিদেশ থেকে বিমা কোম্পানির লোক এসে পরিদর্শন করে গেলেই সেগুলো সরানো হবে।
সরেজমিনে দেখা যায়, কারখানার সামনে এখনো শ্রমিকেরা ভিড় করছেন। তাঁরা কারখানার মূল ফটকের ফাঁক দিয়ে পুড়ে যাওয়া কারখানাটি দেখছেন। কারখানার মূল ফটকে একটি নোটিশ ঝোলানো রয়েছে। এতে বলা হয়, ইতিমধ্যে কারখানার শ্রমিকদের অনেকের বেতন দেওয়া হয়েছে। যাঁদের দেওয়া হয়নি তাঁদের বেতন ৮ (জুন) তারিখের মধ্যে পরিশোধ করা হবে।