অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত হতে তদন্ত কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁওয়ে আগুন লেগে এক ছেলেসহ দম্পতির মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত হতে গতকাল শুক্রবার এই কমিটি গঠন করা হয়।

স্থানীয় বাসিন্দারা বলছেন, বাসার মাঝের অংশ বাদ দিয়ে দুই প্রান্তের দুটি ঘরে আগুন লাগার বিষয়টি রহস্যজনক।

খিলগাঁওয়ের ৩৯৮/বি/৩ রিয়াজবাগের দ্বিতীয় তলায় সিরাজউল্লাহর বাসায় গত বৃহস্পতিবার ভোরে আগুন লেগে তিনি, তাঁর স্ত্রী কানিজ ফাতেমা ও বড় ছেলে রাশিদুল হাসান মারা যান। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক উপপরিচালক সিরাজউল্লাহ অবসরের পর জাইকার কনসালট্যান্ট ছিলেন। টেলিযোগাযোগ প্রকৌশলী রাশিদুল বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। গতকাল তাঁদের মরদেহ গ্রামের বাড়ি ফেনীর ছাগলনাইয়া পৌর এলাকার মটুয়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

ফায়ার সার্ভিসের সূত্র জানায়, অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত হতে গঠিত তদন্ত কমিটির সদস্যরা হলেন খিলগাঁও অঞ্চলের উপসহকারী পরিচালক মাসুদুর রহমান আকন্দ, খিলগাঁও অঞ্চলের স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম ও ওয়্যার হাউস পরিদর্শক আলমগীর হোসেন। কমিটিকে তিন কর্মদিবসে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের পরিচালক (অভিযান) মেজর মোহাম্মদ মাহবুব।

তদন্ত কমিটি গতকাল রিয়াজবাগে সিরাজউল্লাহর বাসা পরিদর্শন এবং সেখান থেকে আলামত সংগ্রহ করে। তদন্ত কমিটির প্রধান বলেন, ওই দম্পতির বেঁচে যাওয়া ছোট ছেলে মাহমুদুল হাসান ও ঘনিষ্ঠজনদের সঙ্গে কথা বলে ও তদন্ত শেষে আগুন লাগার কারণ নিশ্চিত করে বলা যাবে। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে, ওই দম্পতির শোয়ার ঘরের সিলিং ফ্যানের সংযোগস্থলে সৃষ্ট স্ফুলিঙ্গ মশারিতে পড়লে আগুন ধরে যায়। ওই আগুন ছড়িয়ে পড়ে।

তবে বৃহস্পতিবার রাতে মেজর মোহাম্মদ মাহবুব প্রথম আলোকে বলেন, টেলিভিশন বিস্ফোরিত হলে সিরাজ-ফাতেমা দম্পতির ঘরে আগুন ছড়িয়ে পড়ে। একই সময় আরেক ঘরে কম্পিউটার বিস্ফোরিত হলে আগুন ছড়িয়ে পড়ে। বৈদ্যুতিক গোলযোগে এ ধরনের বিস্ফোরণ ঘটে।