অগ্নিকাণ্ডের ঘটনা বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে অগ্নিকাণ্ডের ঘটনা বেড়েই চলেছে। মানুষের মৃত্যুর পাশাপাশি ঘটছে ব্যাপক ক্ষয়ক্ষতি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ২০০৮ সালে নয় হাজার ৩১০টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আর এ বছরের প্রথম নয় মাসেই এ সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৯৪২টি। জানতে চাইলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু নাঈম মো. শাহিদউল্লাহ বলেন, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশে উন্নয়নমূলক কর্মকাণ্ড বেড়েছে। এ ধরনের কর্মকাণ্ড যতই বাড়বে অগ্নিকাণ্ডসহ বিভিন্ন ধরনের দুর্ঘটনাও বেড়ে যায়। তবে ফায়ার সার্ভিসের বিভিন্ন পদক্ষেপের কারণে ক্রমবর্ধমান কর্মকাণ্ডের অনুপাতে আগুনের ঘটনা সেভাবে বাড়েনি।কয়েকজন ফায়ার সার্ভিস কর্মকর্তা, নগর পরিকল্পনাবিদ ও পরিবেশবাদী এ বিষয়ে বলছেন, অগ্নি প্রতিরোধে দেশে কোনো স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেই। হঠাৎ ঘটে বলে মানুষের মধ্যে নেই সচেতনতা। আবার ব্যাপক আকারে সচেতনতা বাড়ানো ও প্রশিক্ষণের জন্যও নেই কার্যকর কোনো উদ্যোগ। আগুনের ঘটনায় হয় না যথাযথ তদন্ত। আবার তদন্ত হলেও প্রতিবেদনে যে সুপারিশ করা হয়, তা বাস্তবায়িত হয় না। ফায়ার সার্ভিসের জনবল ও ফায়ার স্টেশন-সংকট তো আছেই। বিশ্লেষকেরা বলছেন, অধিকাংশ ক্ষেত্রে নির্মাণ বিধিমালা মেনে ভবন তৈরি হয় না। বাণিজ্যিক ও শিল্প কারখানাগুলোতে থাকে না অগ্নিনির্বাপণ সরঞ্জাম। আবার সরঞ্জাম থাকলেও দক্ষ ও প্রশিক্ষিত লোক থাকে না। জলাশয়, পুকুর বা পানির ব্যবস্থা নেই বললেই চলে। দাহ্য বস্তুর দোকানের ভিড়েই গড়ে উঠছে আবাসিক এলাকা। ফায়ার সার্ভিসের পরিসংখ্যানে অনুযায়ী, ২০০৮ থেকে ২০১২ সালের সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ১২ থেকে ১৭ শতাংশ হারে আগুনের ঘটনা বেড়েছে। ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত বেড়েছে মৃত্যুর সংখ্যাও। ২০১১ সালে মৃত্যুর সংখ্যা অনেক কমে এলেও ২০১২ সালের সেপ্টেম্বর পর্যন্ত আবারও বেড়ে যায়। সম্প্রতি আশুলিয়ার নিশ্চিন্তপুরে ‘তাজরীন ফ্যাশনস’-এ আগুনের ঘটনায় ১১১ জন ও হাজারীবাগের বৌবাজার বস্তিতে আগুনে ১২ জনের মৃত্যুর ঘটনায় আশঙ্কা করা হচ্ছে, চলতি বছর আগুনে মৃত্যুর হার গত চার বছরের মৃত্যুর হারকে ছাড়িয়ে যেতে পারে। দেখা গেছে, ২০০৯ সালে ১২ হাজার ১৮২টি, ২০১০ সালে ১৪ হাজার ৬৮২টি ও ২০১১ সালে ১৫ হাজার ৮১৫টি আগুনের ঘটনা ঘটেছে। ২০১২ সালের সেপ্টেম্বর পর্যন্ত আগুনের ঘটনা ঘটেছে ১৪ হাজার ৯৪২টি, যা গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ১৭ শতাংশ বেশি। মৃত্যুর পরিসংখ্যানে দেখা গেছে, আগুনের ঘটনায় ২০০৮ সালে ১০২ জন, ২০০৯ সালে ২৬৯, ২০১০ সালে ২৭১, ২০১১ সালে ৯৫ ও ২০১২ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১২৪ জনের মৃত্যু হয়েছে।ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেনেন্স) মেজর মুহম্মদ মাহবুব বলেন, বস্তিগুলো এমনভাবে গড়ে উঠেছে, যেখানে আসা-যাওয়ার কোনো পথ থাকে না। পোশাকপ্রতিষ্ঠানগুলোতেও থাকে দাহ্য পদার্থ। তাই এক জায়গায় আগুন লাগলে তা দ্রুত ছড়িয়ে পড়ে।নগর পরিকল্পনাবিদ ও নগর গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এ দেশে অপরিকল্পিতভাবে দ্রুত নগরায়ণ ঘটেছে। পোশাক কারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও বস্তি গড়ে উঠেছে অপরিকল্পিতভাবেই। এগুলোর অধিকাংশ ক্ষেত্রেই থাকে না অগ্নিনির্বাপণব্যবস্থা ও সরঞ্জাম। আবার থাকলেও সরঞ্জাম ব্যবহারে থাকে না প্রশিক্ষিত লোক।জনবল ও ফায়ার স্টেশন সংকট: সারা দেশে বর্তমানে ফায়ার সার্ভিস কর্মী আছেন প্রায় সাত হাজার। আর সারা দেশে ফায়ার স্টেশন আছে ২৫৪টি। ক্রমবর্ধমান আগুন প্রতিরোধে যে শক্তি দরকার, তা ফায়ার সার্ভিসের নেই। কোনো বড় ঘটনায় সব কটি ইউনিট কাজ করলে একই সময় কোথাও আরেকটি ঘটনা ঘটলে কোনো ইউনিট খুঁজে পাওয়া যাবে না।মহাপরিচালক আবু নাঈম এ বিষয়ে বলেন, বর্তমান সরকার ফায়ার স্টেশন স্থাপনের ব্যাপারে বেশ কয়েকটি প্রকল্প হাতে নিয়েছে। প্রকল্প শেষে সারা দেশে ফায়ার স্টেশনের সংখ্যা হবে ৫৪৯টি। প্রতি উপজেলায় একটি করে ফায়ার স্টেশন থাকবে। ২০১৬ সাল নাগাদ প্রকল্পগুলো শেষ হবে।অগ্নিকাণ্ডের তদন্ত: পরিবেশ আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত কয়েকজন প্রথম আলোকে বলেন, কারণ উদ্ঘাটন হলেই কোনো বিষয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া যায়। কিন্তু অনেক সময় অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যায় না। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে কারণগুলো বলা হয় তা কয়েকটির মধ্যেই সীমাবদ্ধ এবং সেগুলো ‘টেকনিক্যাল’।ফায়ার সার্ভিসের পরিসংখ্যান অনুযায়ী, দেশে বেশি অগ্নিকাণ্ড ঘটেছে বৈদ্যুতিক গোলযোগ থেকে। এ ছাড়া চুলার আগুন, জ্বলন্ত সিগারেটের অবশিষ্টাংশ, অগ্নিসংযোগসহ বেশ কয়েকটি কারণে আগুনের ঘটনা ঘটে। আবার অনেক ক্ষেত্রে আগুনের কারণই জানা যায় না। এ বছর ৫৯৭টি আগুনের কোনো কারণও জানতে পারেনি ফায়ার সার্ভিস। অনেক সময় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রাথমিক তদন্ত করে যে কারণ বলা হয় তা ধারণাপ্রসূত।বিষয়টি স্বীকার করে নিয়ে মহাপরিচালক আবু নাঈম বলেন, ধারণা থেকেই প্রাথমিক কারণ বলার পরে অধিকতর তদন্ত করে প্রতিবেদন দেওয়া হয়। আর পরিকল্পিত বা ষড়যন্ত্রের বিষয়ে তদন্ত করতে হলে সরকারি অন্য সংস্থাগুলোর সহযোগিতা লাগবে।করণীয়: ক্রমবর্ধমান অগ্নিকাণ্ড রোধে কী করা যায়, জানতে চাইলে নগর পরিকল্পনাবিদ নজরুল ইসলাম বলেন, এ ব্যাপারে সরকারকে স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রকল্প হাতে নিতে হবে। আগুনের ব্যাপারে সচেতন করতে ব্যাপক আকারে প্রচার করতে হবে। স্কুল, কলেজসহ বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত প্রচার চালাতে হবে। এ ক্ষেত্রে গণমাধ্যম মুখ্য ভূমিকা পালন করতে পারে।