অগ্নিকাণ্ডের দুদিন পর কিশোরের লাশ উদ্ধার
চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার পাঠানটুলী এলাকায় অগ্নিকাণ্ডের দুদিন পর পুড়ে যাওয়া একটি দোকান থেকে কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে আগুনে ক্ষতিগ্রস্ত একটি দোকান পরিষ্কার করার সময় লাশটি পাওয়া যায়।
পুলিশ জানিয়েছে, নিহত কিশোরের নাম মো. সাইফুল। সে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মো. সেলিমের ছেলে। পাঠানটুলিতে স্টিলের আসবাবপত্র তৈরির একটি দোকানে কাজ করত সে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম তালুকদার জানান, গত শুক্রবার রাতে আগুনে পাঠানটুলী এলাকায় প্রায় ২৫টি দোকানঘর ও বসতবাড়ি পুড়ে যায়। ওই ঘটনায় সেদিনই এক ব্যক্তির লাশ পাওয়া গিয়েছিল। রোববার সকালে পুড়ে যাওয়া দোকানের ধ্বংসস্তূপ সরাতে গিয়ে সাইফুলের লাশের খোঁজ পায় লোকজন। থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
ওসি জানান, অগ্নিকাণ্ডের পর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যাওয়ায় হয়তো সেদিন ফায়ার সার্ভিসের কর্মীরা লাশটি খুঁজে পায়নি। লাশটি উদ্ধারের পর সাইফুলের স্বজনদের খবর দেওয়া হয়। পরে তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।