অগ্নিকাণ্ডের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন নিহত
গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় অগ্নিকাণ্ডের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।
আজ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নয়নপুর এলাকায় এক ভাড়াবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মাওনা ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
নিহত দুই শ্রমিক হলেন ময়মনসিংহের ভালুকা থানার চান্দাব এলাকার খাইরুল ইসলাম (৩৫) ও টাঙ্গাইলের সখীপুর থানার কালমেঘা এলাকার আব্দুস সামাদ (৩৮)। তাঁরা স্থানীয় রিদিশা পোশাক কারখানার শ্রমিক ছিলেন। দুজনই নয়নপুর এলাকার সিদ্দিকুর রহমান সরকারের বাড়িতে ভাড়া থাকতেন।
দমকল বাহিনী সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সিদ্দিকুর রহমানের বাড়িতে আগুন ধরে। আগুন পুরো কলোনিতে ছড়িয়ে পড়ে। এ সময় বাড়ির ওই দুই ভাড়াটে কক্ষে থাকা একটি টেলিভিশন থেকে ডিশ লাইন খুলতে যান। কিন্তু আগুনে ওই ডিশ লাইনের তাঁর বিদ্যুতায়িত হয়ে পড়ায় তা ধরার সঙ্গে সঙ্গে তাঁরা বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তারা। আগুনে ওই বাড়ির ১০টি কক্ষ ও সেগুলোতে থাকা মালামাল পুড়ে গেছে। তাত্ক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।
মাওনা ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা তাশারব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।