
ভাষা আন্দোলন ১৯৪৮ থেকে ১৯৫২ পর্যন্ত পূর্ব বাংলার যে কটি জেলা শহরে উল্লেখযোগ্য ব্যাপকতা ও তীব্রতা দেখা যায়, জেলা সদর ময়মনসিংহ তার একটি। এখানে মুসলিম লীগের প্রবল দাপটের মধ্যেও রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলন সংগঠিত করার ক্ষেত্রে সাহসী ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রফিকউদ্দিন ভূঁইয়া।
ময়মনসিংহে ভাষা আন্দোলনের ইতিহাস পাঠে দেখা যায়, ১৯৪৭ সালের ডিসেম্বরেই ময়মনসিংহ শহরের বিপিন পার্কে রাষ্ট্রভাষা বাংলার পক্ষে এক ছাত্রসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রফিকউদ্দিন ভূঁইয়া। একে আন্দোলনের সূচনা বা সচেতনতা পর্ব বলা চলে।
রফিকউদ্দিন ভূঁইয়ার মতে, ১৯৪৮ সালের ফেব্রুয়ারিতে সদ্যগঠিত পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের ময়মনসিংহ জেলা কমিটির নেতৃত্বে সেখানে ভাষা আন্দোলনের সূচনা। ওই কমিটির আহ্বায়ক ছিলেন রফিকউদ্দিন ভূঁইয়া। ১১ মার্চ বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে গ্রহণ করার দাবিতে পূর্বঘোষিত আন্দোলনের ধারাবাহিকতায় ময়মনসিংহে পূর্ণ হরতাল পালিত হয়, ছাত্রদের প্রতিবাদী মিছিল শেষে বিপিন পার্কে ছাত্র-জনসভা হয়।
এরপর ঢাকায় মোহাম্মদ আলী জিন্নাহর উর্দু রাষ্ট্রভাষাবিষয়ক ঘোষণার প্রতিবাদে ২৫ মার্চ আবারও বিপিন পার্কে ছাত্র-জনসভা অনুষ্ঠিত হয়। সভাপতি রফিকউদ্দিন ভূঁইয়া। সভা শেষে মিছিল। পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছুড়ে মিছিল ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। মুসলিম লীগের পোষা গুন্ডারাও মিছিলে হামলা করে। আহত হন কয়েকজন রাজনৈতিক নেতা।
দুই.
১৯৫২ সালের ফেব্রুয়ারির পূর্বঘোষিত আন্দোলনও একইভাবে একুশে ফেব্রুয়ারি সভা-সমাবেশ ও মিছিলের মাধ্যমে পালিত হয়। ঢাকায় ছাত্র হত্যার সংবাদে উত্তেজিত ছাত্র-জনতা ২২ ফেব্রুয়ারি রাস্তায় নেমে আসে। ইতিপূর্বে গঠিত রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পর্যায়ক্রমে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হতে থাকে। সংগ্রাম কমিটির সভাপতি ছিলেন আনন্দ মোহন কলেজের অধ্যাপক সৈয়দ বদরুদ্দিন হোসাইন ও সম্পাদক রফিকউদ্দিন ভূঁইয়া।
সভাগুলোতে রাষ্ট্রভাষা বাংলার দাবি ছাড়াও গুলিবর্ষণ নিয়ে নিরপেক্ষ তদন্ত, দোষী ব্যক্তিদের শাস্তি, নুরুল আমিন মন্ত্রিসভার পদত্যাগ, নিহত ব্যক্তিদের পরিবারবর্গকে ক্ষতিপূরণদান এবং আটক ছাত্র-জনতার মুক্তির দাবিতে প্রস্তাব গ্রহণ করা হয়। বৃহত্তর ময়মনসিংহ জেলার প্রতিটি মহকুমায় সংগ্রাম কমিটি গঠন করে আন্দোলন পরিচালনার সিদ্ধান্ত ছিল মূল সংগ্রাম কমিটির গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
সংগ্রাম কমিটির সিদ্ধান্ত ও পরিচালনায় ময়মনসিংহ ও মহকুমাগুলোতে ভাষা আন্দোলনের কর্মসূচি যথাযথভাবে পালিত হতে থাকে। ২৩ ফেব্রুয়ারি শহরে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বত্র সাধারণ হরতাল পালিত হয়। দোকানপাট, যানবাহন চলাচল বন্ধ থাকে। বিপিন পার্কে সভা অনুষ্ঠানের কর্মসূচিও অব্যাহত থাকে।
এ পরিস্থিতিতে ময়মনসিংহ হয়ে ওঠে প্রবল প্রতিবাদী শহর। ২৪ ফেব্রুয়ারি রোববার ছুটির দিনেও শহরের পথে পথে মিছিল আর স্লোগান। শহরের সর্বত্র প্রতিবাদী পোস্টার আর কালো ব্যাজ ও কালো পতাকায় শহরটিকে যেন চেনা যায় না। শুধু দোকানপাটই নয়, হাটবাজারও বন্ধ, মানুষ তাতে প্রতিবাদ করছে না।
রফিকউদ্দিন ভূঁইয়ার ভাষ্যমতে, অবস্থার মোড় ঘোরাতে মুসলিম লীগ টাউন হলে জমকালো এক সভার আয়োজন করে। কিন্তু বিপুলসংখ্যক জনতার ক্রুদ্ধ প্রতিবাদে উদ্যোক্তারা সভাস্থল ছেড়ে পালিয়ে যান। তাঁদের কয়েকজন নেতা-কর্মী বিক্ষুব্ধ জনতার মারপিটের শিকার হন। জেলা শহরে সৃষ্ট আন্দোলনের আবেগ ও বেগ শহর থেকে দূরে মহকুমা থানা ছাড়িয়ে গ্রামগঞ্জে পৌঁছে যায়। গোটা ফেব্রুয়ারি মাস অবধি এ অবস্থা চলে। জের গড়ায় মার্চ মাসে।
অচলাবস্থা কাটাতে প্রশাসন ব্যাপক গ্রেপ্তারের পরিকল্পনা ও দমননীতির সিদ্ধান্ত নেয়। ২৮ ফেব্রুয়ারি নাগাদ রফিকউদ্দিন ভূঁইয়াসহ সংগ্রাম কমিটির অধিকাংশ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তা সত্ত্বেও আন্দোলন পুরোপুরি বন্ধ হয় না। মুখ্যমন্ত্রী নুরুল আমিনের বিশেষ আক্রোশের কারণে রফিকউদ্দিন ভূঁইয়াকে দীর্ঘ সময় কারাযন্ত্রণা ভোগ করতে হয়।
ভাষা আন্দোলনে ময়মনসিংহের এমন ভূমিকা সত্ত্বেও সেখানে শহীদ মিনার তৈরি হয় ১৯৫৩ সালে একুশে ফেব্রুয়ারির কর্মসূচি পালনের প্রাক্কালে। একাত্তরে পাকিস্তানি সেনারা শহীদ মিনার ধ্বংস করার পর স্বাধীন স্বদেশে প্রথমে ছোটখাটো আকারে, পরে ১৯৮৮ সালে টাউন হল প্রাঙ্গণে স্থায়ী শহীদ মিনার নির্মিত হয়।