অগ্নিদগ্ধ গৃহবধূ বাবার বাড়িতে কাতরাচ্ছেন
স্বামীর হাতে অগ্নিদগ্ধ হয়ে খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে গৃহবধূ বিউটি বেগম (২২) প্রায় বিনা চিকিৎসায় বাবার বাড়িতে সাত দিন ধরে যন্ত্রণায় কাতরাচ্ছেন।পারিবারিক সূত্রে জানা গেছে, ২০০৫ সালে সাতক্ষীরার আশাশুনি উপজেলার আল আমিন ভালোবেসে চুকনগরের আমজাদ গাজীর মেয়ে বিউটিকে বিয়ে করেন। তাঁদের তিন বছরের একটি মেয়ে আছে। খুলনার সোনাডাঙ্গা থানা এলাকায় একটি ভাড়া বাড়িতে তাঁরা থাকতেন।প্রতিবেশী সূত্রে জানা গেছে, গত ২৯ এপ্রিল বেলা ১১টার দিকে মটরশ্রমিক আল আমিন বাজার করে এনে তাঁর স্ত্রী বিউটিকে রান্না করতে বলেন। জ্বালানিকাঠ নেই বলে রান্না করা সম্ভব নয়—এ কথা বলার পর আল আমিন তাঁকে মারধর করেন ও গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। প্রতিবেশীরা চিৎকার শুনে বিউটিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, ৩ মে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বিউটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়ার পরামর্শ দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেন। কিন্তু তাঁর বাবা তাঁকে চুকনগরের নিজ বাড়িতে নিয়ে যান।বিউটির বাবা আমজাদ গাজী বলেন, ‘ঢাকায় নিয়ে চিকিৎসে করানে টাহা তো আমার নেই। তাই বাড়ি ফিরেয়ে আনতি বাধ্য হইছি।’বিউটি বেগম কাতর কণ্ঠে প্রথম আলোকে বলেন, ‘আল আমিন আমাকে যৌতুকের জন্য দীর্ঘদিন ধরে কারণে-অকারণে মারধর কত্তো। ওই দিন বাজার করে আনার পর কাঠ নেই বলে রান্না না কত্তি চাইলি সে আমারে মারধর করে। ঘরে চৌকির ওপর কানতি কানতি একসময় ঘুময়ে পড়ি। এ অবস্থায় আমার গায়ে কিরাসিন ঢালে আগুন ধরায়ে দিয়ে বাইরিত্তে ঘরের দরজায় শিকল আটকে দেয়। আগুনির তাপে টের পায়ে জাগে চিৎকার দিয়ে দেখি ঘরের দরজা আটকানে। চিৎকার শুনে পরে বাইরির লোকজন আসে আমারে উদ্ধার করে হাসপাতালে নেয়। তার মধ্যি আমার সারা গা পুড়ে শেষ। আমি আর বাঁচব না, এটা নিশ্চিত। কিন্তু বাঁচে থাকে এ মৃত্যুযন্ত্রণা সহ্য কত্তি পাত্তিছিনে। আমি আল আমিনের কঠোর শাস্তি চাই।’বিউটির ভাই খায়রুল ইসলাম বলেন, ‘আল আমিনকে এমন শাস্তি দেওয়া হোক, যা দেখে আর কেউ যেন এ ধরনের জঘন্য কাজ করতে সাহস না পায়।’খুলনা সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শওকত হোসেন জানান, গত বুধবার বিউটির মা ফুলমতি বেগম (৫০) বাদী হয়ে আল আমিনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।