অগ্নিদগ্ধ গৃহবধূ রহিমা মারা গেছেন
যৌতুকের টাকা না দেওয়ায় স্বামীর দেওয়া আগুনে পুড়ে মারা গেলেন শিবগঞ্জ উপজেলার বালুকচড়া গ্রামের রহিমা বেগম (২০)। এক মাস ছয় দিন পর চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তিনি মারা যান।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ৫ জানুয়ারি দুপুরে রহিমার গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন তাঁর স্বামী তৌহিদ মিয়া (২৮)। রহিমার চিৎকারে প্রতিবেশীরা এসে তাঁকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কিন্তু অবস্থার অবনতি হলে ৮ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তাঁকে স্থানান্তর করা হয়। এ ব্যাপারে রহিমার ভাই মুনছুর রহমান সেখ ৬ জানুয়ারি শিবগঞ্জ থানায় তৌহিদ মিয়াকে আসামি করে মামলা করেন।
মামলার এজাহার ও পরিবারের লোকজনের কাছ থেকে জানা যায়, উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে তৌহিদ মিয়া প্রায় সাড়ে চার বছর আগে উপজেলার বালুকচড়া গ্রামের মৃত শামছুদ্দিন সেখের মেয়ে রহিমাকে ভালোবেসে বিয়ে করেন। বিয়ের পর থেকেই তৌহিদ যৌতুকের জন্য রহিমাকে চাপ দিতে থাকেন। একপর্যায়ে ৫ জানুয়ারি রহিমার শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন তৌহিদ।