অগ্নিদগ্ধ গৃহবধূ রুমানার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অগ্নিদগ্ধ গৃহবধূ রুমানা আক্তার (২৬) চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা গেছেন। গত রোববার তাঁকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছিল।রুমানার শরীরে আগুন দেওয়ার ঘটনায় করা মামলার আসামি মহসিন হোসেনকে গত মঙ্গলবার তিন দিনের রিমান্ডে নিয়েছে রমনা থানার পুলিশ।রমনা থানা সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে দুই সন্তানের জননী রুমানা মারা যান। তাঁকে মারাত্মক দগ্ধ অবস্থায় রোববার রমনা থানার পুলিশ শাহবাগের বারডেম হাসপাতালের সামনে থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করেছিল। তাঁর শরীরে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার অভিযোগে তাঁর বাবা দেলোয়ার হোসেন সোমবার দুই যুবক মহসিন ও সোহেল আহমেদের বিরুদ্ধে মামলা করেন।এজাহারে দেলোয়ার অভিযোগ করেন, রুমানার সঙ্গে মহসিন ও সোহেলের সম্পর্ক গড়ে উঠেছিল। অনেক বোঝানোর পর রুমানা ওই পথ থেকে ফিরে এলেও ওই দুজন পিছু ছাড়েননি। সম্প্রতি ওই দুজন তাঁকে বাজে প্রস্তাব দিলে তিনি রাজি হননি। এতে ক্ষিপ্ত হয়ে তাঁরা রুমানাকে ডেকে নিয়ে তাঁর গায়ে কেরোসিন ঢেলে আগুন দেন এবং দগ্ধ অবস্থায় তাঁকে বারডেম হাসপাতালের সামনে ফেলে রেখে পালিয়ে যান। তবে এজাহারে ঘটনার স্থান উল্লেখ করা হয়নি।মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক প্রথম আলোকে বলেন, সোমবার মিরপুর ১১ নম্বরের বাসায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি মহসিনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। অন্য আসামি সোহেল পলাতক। তিনি বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, মহসিন ও সোহেলই রুমানার শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়েছেন।রুমানার চাচাতো ভাই মোক্তার হোসেন জানান, রুমানার স্বামী মনির হোসেন ও আসামি সোহেল কারওয়ান বাজারে মাছের আড়তের শ্রমিক। সোহেলের বাড়ি গাজীপুরের শিববাড়িতে। এক বছর আগে মনির স্ত্রীকে নিয়ে শিববাড়িতে ভাড়া থাকতেন।