অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যু
পুরান ঢাকার বংশালের আলুবাজারে দগ্ধ গৃহবধূ মোসাম্মৎ মনিরা বেগম গতকাল শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা গেছেন। মনিরার স্বজনদের সন্দেহ, মনিরাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে।
মনিরা আলুবাজারের হাজি ওসমান গণি রোডের বাসায় স্বামীর সঙ্গে থাকতেন। তাঁর স্বামীর নাম শরিফ হোসেন। শরিফের বাড়ি আর মনিরার বাবার বাড়ি মুন্সিগঞ্জের লৌহজংয়ে।
মনিরার মামা ইউসুফ প্রথম আলোকে বলেন, দেড় বছর আগে মনিরাকে তুলে ঢাকায় এনে বিয়ে করেন শরিফ। এরপর থেকে তাঁদের সঙ্গে মনিরার যোগাযোগ ছিল না। ২২ আগস্ট মনিরা অগ্নিদগ্ধ হলেও তাঁদের জানানো হয় ২৪ আগস্ট। আবার মনিরা মারা গেলে সেই খবরও তাঁদের দেওয়া হয়নি। তাঁর সন্দেহ, মনোমালিন্যের জের ধরে গায়ে আগুন দিয়ে মনিরাকে হত্যা করেছেন শরিফ।
অবশ্য শরিফের মামা আমির হোসেন বলেন, রান্নাঘরের চুলা থেকে শরীরে আগুন লেগে মনিরা দগ্ধ হন। আগুন নেভাতে গিয়ে মনিরার স্বামীর বাঁ হাত সামান্য পুড়ে গেছে।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহিদুর রহমান প্রথম আলোকে বলেন, কোনো পক্ষ থেকে মৃত্যুর খবর তাঁকে জানানো হয়নি। তিনি হাসপাতালে পুলিশ পাঠিয়েছেন।