অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যু হত্যার অভিযোগ
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় অগ্নিদগ্ধ গৃহবধূ দুর্গারানী ঘোষ (৩৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা গেছেন। এদিকে, উপজেলার তেলিপাড়ার একটি আলুখেত থেকে গতকাল সোমবার অজ্ঞাতনামা এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।পুলিশ জানায়, গত রোববার সকাল ১০টার দিকে সিরাজদিখানের কুচিয়ামোড়া এলাকার শ্বশুরবাড়ি থেকে অগ্নিদগ্ধ ও সংজ্ঞাহীন দুর্গাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।দুর্গার মৃত্যুর পর তাঁর শ্বশুরবাড়ির লোকজন থানায় অপমৃত্যুর মামলা করেছেন। মামলার এজাহারে বলা হয়, কাজ করার সময় কুপি থেকে দুর্গার গায়ে আগুন ধরে যায়। এতে অগ্নিদগ্ধ হয়ে তিনি মারা যান।এদিকে, দুর্গার মৃত্যু নিয়ে এলাকায় নানা গুঞ্জন শুরু হয়েছে। এলাকাবাসীর প্রশ্ন, সকাল ১০টার সময় দুর্গা কুপি জ্বালাবেন কেন? তাঁর বাবার বাড়ি উপজেলার সন্তোষপাড়ায়। এলাকাবাসীর ভাষ্যমতে, দুর্গার সঙ্গে তাঁর স্বামী গোপাল ঘোষের বনিবনা হচ্ছিল না। তাঁদের ধারণা, দাম্পত্য বিরোধের কারণে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন দুর্গাকে পুড়িয়ে হত্যা করতে পারে।পুলিশ জানায়, দুর্গার মৃত্যুর ঘটনায় তাঁর বাবার বাড়ির কেউ এখনো থানায় যোগাযোগ করেনি। সিরাজদিখান থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।গতকাল সকালে সিরাজদিখানের তেলিপাড়া এলাকার একটি আলুখেতে অজ্ঞাতনামা এক তরুণীর লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিত্সা কর্মকর্তা (আরএমও) এহসানুল করিম বলেন, হত্যাকারীরা নিহত তরুণীর মুখে মাটি ঢুকিয়ে দিয়েছে। তাঁর হাত বাঁধা ছিল। দেখে মনে হচ্ছে, ওই তরুণীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল।সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, পুলিশ ওই তরুণীর পরিচয় জানার চেষ্টা করছে।