অগ্নিদগ্ধ গৃহিণী স্বামী আটক
দাম্পত্য কলহের জের ধরে পল্লবীতে গতকাল শুক্রবার বিকেলে মোছাম্মৎ শাহানা (২৫) নামের এক গৃহিণী অগ্নিদগ্ধ হয়েছেন। এতে তাঁর শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
তবে শাহানা নিজেই শরীরে আগুন লাগিয়েছেন, না তাঁর স্বামী মো. ইবরাহিম রনি দিয়েছেন, সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। স্বামীর দাবি, ঝগড়ার জের ধরে স্ত্রী নিজেই নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন। পুলিশ ইবরাহিমকে আটক করেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে শাহানাকে ভর্তি করার পর ইবরাহিম রনি প্রথমে সাংবাদিক ও পুলিশকে ভুল তথ্য দেন। তিনি দাবি করেন, তাঁরা স্বামী-স্ত্রী মিরপুর ১২ নম্বরে ডি-ব্লকের ২৯ নম্বর লাইনের ছয়তলা বাড়ির তৃতীয় তলায় থাকেন। বাড়িটি নতুন বলে সেখানে গ্যাসলাইন যায়নি। সেখানকার বাসিন্দারা গ্যাস সিলিন্ডার দিয়ে রান্না করেন। ইবরাহিম দাবি করেন, বেলা দেড়টার দিকে শাহানা রান্না করতে গ্যাস সিলিন্ডারযুক্ত চুলায় আগুন জ্বালান। তখন সিলিন্ডার ও চুলার সংযোগ থেকে আগুন শাহানার ওড়নায় ধরে যায়। তখন তাঁর চিৎকারে তাঁকে রক্ষা করতে গেলে তিনিও দগ্ধ হন।
তবে ঘটনাস্থলে পল্লবী থানার পুলিশ গিয়ে পুরো উল্টো আলামত পায়। পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হালিম প্রথম আলোকে বলেন, ওই বাসায় গিয়ে কোনো গ্যাস সিলিন্ডার পাওয়া যায়নি। সেখানে সরাসরি গ্যাস-সংযোগ রয়েছে। তবে বাসায় কেরোসিনের খালি বোতল পাওয়া গেছে এবং বাসার ভেতরে কেরোসিনের গন্ধ ছিল। আশপাশের প্রতিবেশীরা জানিয়েছেন, দিনের বেলা তাঁরা ঝগড়ার শব্দ পেয়েছেন। তবে ওই গৃহবধূ শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়েছেন, না অন্য কিছু, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের এই বক্তব্যের পর সাংবাদিকেরা ইবরাহিমকে জিজ্ঞাসা করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রতিদিন তাঁর কিছু টাকা উধাও হয়ে যেত। গতকালও তিনি ১০০ টাকার হিসাব পাচ্ছিলেন না। এ নিয়ে তিনি শাহানাকে জিজ্ঞেস করলে তাঁদের মধ্যে ঝগড়া হয়। এরপর তিনি তাঁর কক্ষে গিয়ে শুয়ে পড়েন। কিছুক্ষণ পর শাহানা তাঁকে ডেকে বলেন, তিনি গায়ে আগুন লাগিয়ে দিচ্ছেন।
ইবরাহিমের দাবি, তিনি শাহানার কথা বিশ্বাস না করে শুয়েই ছিলেন। কিন্তু শাহানা যখন আগুন লাগিয়ে দেন, তখন তিনি দৌড়ে গিয়ে তাঁকে জড়িয়ে ধরেন। এ সময় তাঁর হাতের কিছু অংশও পুড়ে যায়। কিন্তু তাতেও আগুন না নিভলে তিনি বিছানার চাদর দিয়ে তাঁকে জড়িয়ে ধরলে আগুন নিভে যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোজাম্মেল হক জানান, ভুল তথ্য দেওয়ায় তাঁরা ইবরাহিমকে প্রাথমিকভাবে আটক করে রেখেছেন। পুরো বিষয়টি খোলাসা না হওয়া পর্যন্ত তাঁকে পুলিশি হেফাজতেই রাখা হবে।