অগ্নিদগ্ধ চারজনই ঢাকা মেডিকেল ছেড়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার নিমতলীর ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ চারজনকে গতকাল শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় দগ্ধদের কেউ আর এ ইউনিটে নেই। তবে এ ঘটনায় অগ্নিদগ্ধ সাতজন এখনো সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন।বার্ন ইউনিটের প্রকল্প পরিচালক প্লাস্টিক সার্জন সামন্তলাল সেন প্রথম আলোকে বলেন, বার্ন ইউনিটে নিমতলীর অগ্নিকাণ্ডে সর্বশেষ চারজন চিকিৎসাধীন ছিলেন। সুস্থ হয়ে ওঠায় গতকাল তাদের সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। সিএমএইচে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালের চিকিৎসাধীন গৃহবধূ চামেলি সরকারসহ দুজনের অবস্থা সংকটাপন্ন। তবে তাঁর স্বামী চিকিৎসক বাদল বর্মণ ও তাঁদের আড়াই বছরের মেয়ে সুস্থ হয়ে উঠছেন। হাসপাতালে চিকিৎসা নেওয়া বাকি তিনজন এখন শঙ্কামুক্ত। গত ২ জুন রাতে নিমতলীর ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে দেড় শতাধিক মানুষ চিকিৎসা নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে যান। ওই রাতেই অনেকে চিকিৎসা নিয়ে চলে যান। পরদিন বার্ন ইউনিটে ৩৯ জন চিকিৎসাধীন ছিলেন। ওই দিন দুপুরে ১৪ জনকে সিএমএইচের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন ২৫ জন। নিমতলীর অগ্নিকাণ্ডে মারা গেছেন ১২৩ জন।