অগ্নিদগ্ধ চিকিৎসক ও শ্রমিক শঙ্কামুক্ত নন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালের আগুনে পোড়া চিকিৎসক রাকিবুল আলম এখনো শঙ্কামুক্ত নন। অবস্থার অবনতি না হলেও তিনি কবে সুস্থ হয়ে উঠবেন সে বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা কিছু বলতে পারছেন না। প্লাস্টিক সার্জারি অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জারি বিভাগের প্রধান আবুল কালাম প্রথম আলোকে বলেন, অগ্নিদগ্ধ চিকিৎসকের শ্বাসনালীতে আঘাত থাকলেও তিনি এখনো পর্যন্ত নিজেই শ্বাস-প্রশ্বাস নিতে পারছেন। দুপুরের দিকে তাঁকে ড্রেসিং করা হয়েছে। অগ্নিদগ্ধ রোগীদের ক্ষেত্রে সংক্রমণের আশঙ্কা থাকে। সেটাই এখন সবচেয়ে বড় ঝুঁকি। সকাল সাড়ে ১০টার দিকে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক অগ্নিদগ্ধ চিকিৎসক রাকিবুল ও শ্রমিক সোহেলকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে যান। তিনি বলেন, অগ্নিদগ্ধদের জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ড যে সিদ্ধান্ত নেবে, সে অনুযায়ী সরকার ব্যবস্থা নেবে। প্রয়োজনে দুজনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার ব্যবস্থা করবে সরকার। এদিকে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) এক হাজার ১১১ জন চিকিৎসক গতকাল মঙ্গলবার মহাসচিব এ জেড এম জাহিদ হোসেনসহ সব রাজনৈতিক নেতা-কর্মীর মুক্তির দাবিতে বিবৃতি দিয়েছেন। তবে বিএনপি-সমর্থক এই চিকিৎসকদের ওপর বোমা হামলার ঘটনায় সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি। গতকাল মঙ্গলবার বিকেলে চিকিৎসক আহমদ রায়হান শরীফ বাদী হয়ে বাড্ডা থানায় একটি মামলা করেছেন। রোববার রাতে রাকিবুল আলমের সঙ্গে থাকা অপর দুই চিকিৎসকের একজন হলেন রায়হান, তিনি রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিভাগের চিকিৎসা কর্মকর্তা। বিএমএর নিন্দা, ড্যাব নীরব: চিকিৎসকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে। ড্যাবের সভাপতি এ কে এম আজিজুল হক বলেন, চিকিৎসকদের ব্যাপারে কী বিবৃতি দেবেন, সে ব্যাপারে তাঁরা বৈঠক করে সিদ্ধান্ত নেবেন। জানা গেছে, রাকিবুল আলম ১৯৯৮-৯৯ সালে রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সহসভাপতি ছিলেন। তিনি সভাপতি প্রার্থীও হয়েছিলেন। ড্যাবের কোষাধ্যক্ষ মোস্তাক রহিম নিশ্চিত করেছেন, তিনি বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ঢাকা জেলা শাখার সদস্য ছিলেন। সূত্র বলছে, অপর চিকিৎসক আহমদ রায়হান শরীফ রাজশাহী মেডিকেল কলেজ শাখার ছাত্রদলের সহসভাপতি ছিলেন। ওমর ফারুক বাবু ছিলেন ছাত্রদলের সমর্থক।শ্রমিক সোহেল: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসকেরা বলেছেন, শ্রমিক সোহেলও শঙ্কামুক্ত নন।