অগ্নিদগ্ধ ছাত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কলাবাগানের সেন্ট্রাল রোডে একটি বাসায় বিস্ফোরণে দগ্ধ কলেজছাত্রী সাবেকুন্নাহার ওরফে পান্না (২৫) মারা গেছেন। গত বুধবার রাত দুইটার দিকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সাবেকুন্নাহার নেত্রকোনা সরকারি কলেজের ইসলামের ইতিহাসের মাস্টার্সের ছাত্রী ছিলেন। ঢাকার সেন্ট্রাল রোডে তাঁর মামা ফজলুর রহমানের বাসা। ওই বাসায় সাবেকুন্নাহারের দুই ভাইও থাকেন। সাবেকুন্নাহার মাঝে মাঝে ঢাকায় এসে ওই বাসায় থাকতেন। ৭ আগস্ট সকালে ওই বাসায় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সাবেকুন্নাহার, তাঁর মামা ফজলুর রহমান ও ছোট ভাই দেলোয়ার হোসেন দগ্ধ হন। তাঁদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়। শরীরের ৯৫ ভাগ পুড়ে যাওয়ায় সাবেকুন্নাহারের অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকেরা। ঘটনার পর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রফিকুল ইসলাম প্রথম আলোকে জানিয়েছিলেন, গ্যাস বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে। সাবেকুন্নাহারের গ্রামের বাড়ি নেত্রকোনার বারহাট্টা থানার রায়পুর ইউনিয়নের লামাপাড়ায়।