অগ্নিদগ্ধ নারী বাড়িতে বিছানায় কাতরাচ্ছেন
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজরা গ্রামের ৬০ বছরের পেয়ারা বেগম গত ৯ ডিসেম্বর মারাত্মক অগ্নিদগ্ধ হন। তাঁর শরীরের ২৫ শতাংশ পুড়ে যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তির জন্য চিকিৎসকেরা পরামর্শ দিলেও অর্থের অভাবে তাঁকে ওই হাসপাতালে স্থানান্তর করা সম্ভব হয়নি। এখন তিনি বিনা চিকিৎসায় নিজ বাড়ির একটি কক্ষে শুয়ে কাতরাচ্ছেন।প্রতিবেশীরা জানান, বিধবা পেয়ারা বেগম মানুষের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন। তাঁর দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। তিন ছেলে বিয়ে করে আলাদা সংসার করছেন। তারা কেউ মায়ের খোঁজটুকুও নেন না। এখন পেয়ারা বেগমের দেখার কেউ নেই।গত ৯ ডিসেম্বর রাতে নিজ কক্ষের মধ্যে কেরোসিন তেলের বাতি (কুপি) থেকে অসাবধানতাবশত তাঁর শাড়ির পেছনের দিকে আগুন ধরে যায়। পরদিন গুরুতর আহত অবস্থায় তাঁকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু অর্থের অভাবে তাঁকে ওই হাসপাতালে স্থানান্তর করা সম্ভব হয়নি। পরে চিকিৎসকেরা তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। কিন্তু টাকার জোগাড় না হওয়ায় সেটাও সম্ভব হয়নি। এরপর অবস্থার কোনো উন্নতি না হওয়ায় গত ২৭ ডিসেম্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। তারপর থেকে শরীরে দগদগে ঘা নিয়ে তিনি নিজ বাড়িতে বিছানায় শুয়ে কাতরাচ্ছেন।আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপেক্সের চিকিৎসক পলাশ চন্দ্র সরকার গত শুক্রবার প্রথম আলোকে বলেন, বয়সের কারণে পেয়ারা বেগমের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে গেছে। তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো গেলে তাঁর সুচিকিৎসা সম্ভব। গোপালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খান সাইফুল ইসলাম বলেন, ‘পেয়ারা বেগমকে ফরিদপুর বা ঢাকায় নিয়ে চিকিৎসা করাতে অনেক টাকা প্রয়োজন। আমি গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রশাসকের কাছে পেয়ারা বেগমের চিকিৎসার সুব্যবস্থা করার জন্য আবেদন করেছি।’ ইউএনও মো. আবুল খায়ের বলেন, তিনি এরই মধ্যে পেয়ারা বেগমের চিকিৎসার জন্য দুই হাজার টাকা বরাদ্দ দিয়েছেন। ঢাকায় নেওয়ার ব্যাপারে তিনি ফরিদপুরের জেলা প্রশাসক ও সিভিল সার্জনের সঙ্গে কথা বলবেন।