অগ্নিদগ্ধ নিলুফারের মৃত্যু স্বামীকে পাচ্ছে না পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসাধীন অগ্নিদগ্ধ নিলুফার ইয়াসমীন মারা গেছেন। বুধবার রাত তিনটার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। যৌতুকের বলি নিলুফার পাঁচ দিন চিকিৎসাধীন ছিল। পরিবারের অভিযোগ, স্বামী মোসলেম উদ্দীন নিলুফারের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে।গত ২ জুলাই শুক্রবার শ্বশুরবাড়ির লোকজন নিলুফারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলেও গতকাল তাদের কাউকে খুঁজে পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার শাহবাগ থানার উপপরিদর্শক আবদুল মালেক মিঞার তত্ত্বাবধানে নিলুফারের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়। পরে সেখান থেকে নিলুফারের মা রাজেদা বেগম মেয়ের লাশ ধামরাইয়ে নিজেদের বাড়িতে নিয়ে আসেন। সুরতহাল রিপোর্টে নিলুফারের শরীরের আশি শতাংশ আগুনে পুড়ে গিয়েছিল বলে উল্লেখ করা হয়।আশুলিয়া থানা সূত্র জানায়, এর আগে নিলুফারের বাবা আবদুল গফুর তাঁর মেয়েকে মারাত্মকভাবে জখম করার অভিযোগে যে মামলা দায়ের করেছিলেন, মেয়েটির মৃত্যুর কারণে এখন তাতে কিছুটা পরিবর্তন আনতে হবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মারাত্মক জখম করার অভিযোগে নিলুফারের স্বামী মোসলেম উদ্দীন ও শাশুড়ি মিনারা বেগমের নামে ৪ জুলাই মামলা দায়ের করা হয়। পুলিশের পক্ষ থেকে মোসলেম উদ্দীন পলাতক বলা হলেও, গতকাল মোসলেমের ব্যবহূত নাম্বারেই তাঁকে পাওয়া গেছে। মুঠোফোনে প্রথম আলোর কাছে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ঘটনার দিন নিলুফারকে নিতে ওর মা ও দাদা আমাদের বাড়িতে এসেছিলেন। বিভিন্ন বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। এর পরই নিলুফার নিজের গায়ে নিজেই আগুন ধরিয়ে দেয়। মামলার তদন্তকারী কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, অভিযুক্তদের ধরার জন্য পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে। এরই মধ্যে একাধিকবার মোসলেম উদ্দীনের বাড়িতেও তাঁরা গিয়েছেন।