অগ্নিদগ্ধ ফাতেমা মারা গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ দিন অসহ্য যন্ত্রণায় কাতরানোর পর মারা গেছেন বাগেরহাটের মোংলা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সিগন্যাল টাওয়ার এলাকার মোছাম্মদ ফাতেমা। গত সোমবার গভীর রাতে খুলনা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে তিনি মারা যান।
ফাতেমাকে (২০) পুড়িয়ে হত্যার অভিযোগে মোংলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এতে তাঁর মামাতো বোন সালমা বেগমকে আসামি করা হয়েছে।
এজাহার ও স্বজনদের সূত্রে জানা গেছে, ফাতেমা ঢাকায় সালমার বাড়িতে কাজ করতেন। গত বৃহস্পতিবার কাপড় কাচার সময় এক কাপড়ের রং অন্য কাপড়ে লেগে যায়। এ কারণে মামাতো বোন সালমা ক্ষুব্ধ হয়ে ফাতেমার শরীরে আগুন ধরিয়ে দেন। ফাতেমা ঢাকায় অগ্নিদগ্ধ হলেও তাঁকে সেখান থেকে এনে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করান সালমা।
হাসপাতালের বার্ন ইউনিট সূত্রে জানা গেছে, ফাতেমার শরীরের ৪০ শতাংশ পুড়ে যায়। আর ধোঁয়ায় তাঁর খাদ্যনালি, পাকস্থলী ও ফুসফুস মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।
ফাতেমার বাবা মো. মোজাম সরদার মোংলা ঘাটের মাঝি। গত বছরের আগস্ট মাসে মামাতো বোন সালমা তাঁর বাসার কাজ করার জন্য ফাতেমাকে নিয়ে যান।
গতকাল মঙ্গলবার মুঠোফোনে জানতে চাইলে ফাতেমার মেজ ভাই মো. ইউনুস সরদার বলেন, সামান্য ঘটনায় তাঁর বোনকে বর্বরভাবে পুড়িয়ে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চান।
অভিযোগ অস্বীকার করে সালমা দাবি করেন, ফাতেমা তাঁর মায়ের সঙ্গে ঝগড়া করে নিজেই শরীরে আগুন ধরিয়ে দেন।