অগ্নিদগ্ধ বন্যার পাশে ব্র্যাক ও এসিড সারভাইভরস ফাউন্ডেশন
জামালপুর সদরের কুমারগাতি পূর্বপাড়া গ্রামে শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টাকারী বন্যা বেগমের চিকিৎসার দায়িত্ব নিয়েছে ব্র্যাক ও এসিড সারভাইভরস ফাউন্ডেশন। সংকটাপন্ন অবস্থায় তাঁকে গত শনিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে। দরিদ্র কৃষিশ্রমিক হাবিবুর রহমানের একমাত্র মেয়ে বন্যা গত ২৬ জানুয়ারি বাবার বাড়িতে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। অভিযোগ উঠেছে, যৌতুকের দাবিতে স্বামী সুজন মিয়া ও শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতন সইতে না পেরে তিনি আত্মহত্যার চেষ্টা চালান। আগুনে তাঁর শরীরের অধিকাংশ স্থান ঝলসে গেছে। কিন্তু আর্থিক সংকটে তাঁর চিকিৎসা প্রায় বন্ধ হয়ে যায়। এদিকে স্বামী, শ্বশুর ও শাশুড়ি—সবাই গ্রাম ছেড়ে পালিয়েছেন।মাস ছয়েক আগে পাশের ঝাউরাম গ্রামের সুজনের সঙ্গে বন্যার বিয়ে হয়। বিয়েতে সুজন ৪০ হাজার টাকা যৌতুক নেন। মেয়েকে দুই ভরি স্বর্ণের গয়নাসহ সংসারের কিছু প্রয়োজনীয় জিনিসও দিয়ে দেন বাবা হাবিবুর। তার পরও বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে নির্যাতন শুরু হয়। ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির জেলা ব্যবস্থাপক বিলকিস জাহান প্রথম আলোকে বলেন, বন্যার অগ্নিদগ্ধ ছবি ঢাকায় এসিড সারভাইভরস ফাউন্ডেশন ও ব্র্যাকের প্রধান কার্যালয়ে পাঠানো হয়। ওই ছবি দেখে বন্যার চিকিৎসার দায়িত্ব নেয় ব্র্যাক ও এসিড সারভাইভরস ফাউন্ডেশন।