অগ্নিদগ্ধ মাহফুজা মারা গেছেন
নওগাঁর বদলগাছিতে অগ্নিদগ্ধ মাহফুজা বেগম ঘটনার আট দিন পর গত রোববার মারা গেছেন। গতকাল সোমবার ময়নাতদন্ত শেষে তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। স্বামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর দুই সন্তানের জননী মাহফুজা বেগম উপজেলার মথুরাপুর ইউনিয়নের চক জালাল গ্রামে তাঁর বাবার বাড়িতে থাকতেন। বাবার মানসিক নির্যাতন সইতে না পেরে মাহফুজা বেগম তাঁর গায়ে ডিজেল ঢেলে আগুন দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
এ নিয়ে ২ মার্চ প্রথম আলোয় ‘বাবার নির্যাতন সইতে না পেরে গায়ে আগুন!’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।
মথুরাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, মাহফুজা বেগম তাঁর আগের স্বামীর কাছে যেতে চেয়েছিলেন। এ কারণে বাবা তাঁকে শিকল দিয়ে বেঁধে ঘরে আটকে রেখেছিলেন। মাহফুজা কৌশলে মুক্ত হয়ে ঘরের বারান্দায় থাকা ডিজেল গায়ে ঢেলে দিয়ে আগুন লাগিয়ে দেন। তাঁকে প্রথমে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গত শনিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মাহফুজাকে তাঁর বাবার বাড়িতে ফিরিয়ে আনা হয়। পরদিন রোববার সকালে মাহফুজা মারা যান।
বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম খান বলেন, সোমবার ময়নাতদন্ত শেষে মাহফুজার লাশ তাঁর স্বজনেরা নিয়ে গেছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।