অগ্নিদগ্ধ মুক্তার পাশে অনেকে
অগ্নিদগ্ধ শিশু মুক্তার (৬) চিকিৎসায় এগিয়ে এসেছেন অনেকে। বিভিন্নভাবে টাকাও পাঠিয়েছেন তাঁরা। অনেকে তার চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটিকে দেখতে ফলমূল নিয়ে ছুটে এসেছেন কেউ কেউ।
কোটচাঁদপুর উপজেলার হরিন্দিয়া গ্রামের মানসিক প্রতিবন্ধী মোহাম্মদ আলীর মেয়ে মুক্তা। গত ২২ ডিসেম্বর চুলার আগুনে মুক্তার শরীরের কিছু অংশ ঝলসে যায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মা বানু খাতুন ভিক্ষা করে যা পাচ্ছিলেন, তা দিয়ে মুক্তার চিকিৎসা চলছিল। এ নিয়ে গত শনিবার প্রথম আলোয় ‘মা ফিরলে ওষুধ খাবার সবই হবে’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়। এই সংবাদ প্রকাশের পর দেশের বিভিন্ন অঞ্চল থেকে মুঠোফোনে মুক্তার খোঁজখবর নেওয়া হয়।
গত রোববার রাতে প্রথম আলোর প্রতিনিধির কাছে পাঠানো ১০ হাজার টাকা বানু খাতুনের হাতে তুলে দেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রভাষ কুমার দাস। তিনি বলেন, বর্তমানে মুক্তার শরীর ভালোর দিকে যাচ্ছে। তিনি আরও বলেন, গতকাল সোমবার মুক্তার চিকিৎসার জন্য এক সেনা কর্মকর্তা তাঁর (প্রভাষ) কাছে ১৭ হাজার টাকা ও কিছু পোশাক দিয়েছেন। বানু খাতুন বলেন, সাংবাদিক ও সমাজের মানুষ তাঁর পাশে না দাঁড়ালে মেয়েটিকে বাঁচানো কষ্টকর হয়ে পড়ত।