অগ্নিদগ্ধ মুসার লাশ চট্টগ্রামে আজ দাফন
হরতালের সময় জামায়াত-শিবিরের দেওয়া আগুনে দগ্ধ ইজিবাইক চালক মোহাম্মদ মুসার লাশ গতকাল রোববার রাতে চট্টগ্রামে আনা হয়েছে। আজ সোমবার সকালে লালদীঘি ময়দানে প্রথম দফা এবং বাকলিয়ার স্থানীয় জামে মসজিদে দ্বিতীয় দফা জানাজার পর তাঁর লাশ দাফন করা হবে। মুসার পরিবারের ঘনিষ্ঠজন মোহাম্মদ ইমরান প্রথম আলোকে বলেন, সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর আহ্বানে সকাল ১০টায় লালদীঘি মাঠে মুসার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বেলা ১১টায় পূর্ব বাকলিয়া ওয়াইজের পাড়া ফজুর মা জামে মসজিদ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জামায়াতের ডাকা হরতাল চলাকালে গত ২৫ মার্চ নগরের রাহাত্তারপুল এলাকায় জামায়াত-শিবিরের পিকেটাররা মুসার (২৫) ইজিবাইকে আগুন ধরিয়ে দেয়। এ সময় বাধা দেওয়ায় তাঁর গায়েও পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। এতে গুরুতর আহত অবস্থায় মুসাকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই গত শনিবার বিকেলে তিনি মারা যান।