একজন পুলিশ কর্মকর্তাও তার চিকিৎসার দায়িত্ব নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন
অগ্নিদগ্ধ শিশুটির পাশে দাঁড়াল সমাজসেবা অধিদপ্তর
মাগুরা সদর উপজেলার নড়িহাটি গ্রামের অগ্নিদগ্ধ সাত বছরের শিশু মারুফা খাতুনের চিকিৎসায় এগিয়ে এসেছে জেলা সমাজসেবা অধিদপ্তর। এ ছাড়া একজন পুলিশ কর্মকর্তাও তার চিকিৎসার দায়িত্ব নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
অগ্নিদগ্ধ মারুফাকে গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় দফায় মাগুরা হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার চিকিৎসার বিষয়ে সার্বিক খোঁজখবর রাখছে সদর হাসপাতাল সমাজসেবা বিভাগ। তারাই মারুফার জন্য প্রয়োজনীয় সব পথ্য সরবরাহ করছে।
মারুফার চিকিৎসার সার্বিক দেখভাল করছেন হাসপাতাল সমাজসেবা বিভাগের কর্মকর্তা আবুল বাশার শেখ। তিনি বলেন, মারুফার চিকিৎসার জন্য তাঁরা সাধ্যমতো সহযোগিতা করবেন।
এ ছাড়া সাতক্ষীরার একজন পুলিশ কর্মকর্তাও মারুফার চিকিৎসার দায়িত্ব নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। ওই কর্মকর্তা গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, শিশু মারুফাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে চিকিৎসা করানো ও আসা-যাওয়ার যাবতীয় খরচ তিনি বহন করবেন।
মাগুরা সদর হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট (সার্জারি) শফিউর রহমান গতকাল মারুফার প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করেন। তিনি বলেন, মারুফাকে হাসপাতালে রেখে চিকিৎসা না দেওয়ায় তার ক্ষতস্থানের অবস্থা বেশ খারাপ হয়ে গেছে। তবে চিকিৎসায় ক্ষত সেরে উঠবে বলে তিনি আশা করছেন।
নড়িহাটি গ্রামের ভ্যানচালক আবদুল কুদ্দুসের মেয়ে মারুফা ১৬ জানুয়ারি নিজ বাড়িতে জামায় আগুন লেগে গুরুতরভাবে দগ্ধ হয়। আগুনে তার শরীরের ৩৫ শতাংশ পুড়ে যায়। ওই দিনই তাকে হাসপাতালে আনা হয়। কিন্তু পরিবারের অসচেতনতা ও আর্থিক সমস্যার কারণে পরদিন তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যায় তার পরিবার। এ নিয়ে গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর বিশাল বাংলা পাতায় ‘বাড়িতে যন্ত্রণায় ছটফট করছে অগ্নিদগ্ধ শিশুটি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।