অগ্নিদগ্ধ সুমাইয়াকে বেসরকারি হাসপাতালে স্থানান্তর
রাজধানীর উত্তরায় গ্যাসের আগুনে দগ্ধ গৃহকর্ত্রী সুমাইয়া খানমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট থেকে গতকাল মঙ্গলবার বেসরকারি একটি হাসপাতালে স্থানান্তর করেছে তাঁর পরিবার। স্বজনেরা বলেছেন, আরও ভালো চিকিৎসার জন্যই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সুমাইয়াকে গতকাল ধানমন্ডির সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন রয়েছেন। একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তাঁর মেজো ছেলে জারিফ বিন নাওয়াজ (৬ শতাংশ দগ্ধ)।
সুমাইয়ার ভাই আবুল হাসানাত খান প্রথম আলোকে বলেন, ‘আমার বোন বলেছে, আমার জন্য আরও একটু ভালো চিকিৎসার ব্যবস্থা করো। ওরা ঠিকমতো দেখতেছে না।’ তিনি বলেন, ‘আমার বোনের ভাগ্যে কী আছে, সেটা সৃষ্টিকর্তাই ভালো জানেন। তাই শেষ আশা পর্যন্ত আমরা তার ভালো চিকিৎসার জন্যই এখানে নিয়ে এসেছি।’
আবুল হাসানাত আরও বলেন, মেজো ছেলেকে চিকিৎসা দিয়ে গতকাল আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। তার মাকেও এখানে চিকিৎসার জন্য আনা হয়েছে, এটা তাকে বলা হয়নি।
বার্ন ইউনিটের সমন্বয়ক সামন্ত লাল সেন বলেন, ‘দুপুরবেলা ওঁরা বললেন, নিয়ে যেতে চান। আমরা কারণ জিজ্ঞেস করলাম, কিন্তু ওঁরা কিছু বললেন না।’ ভালো চিকিৎসা না পাওয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের বার্নের সব ভালো ভালো চিকিৎসকই এখানে রয়েছেন। একটা জিনিস হতে পারে যে অনেক গাদাগাদির কারণে এখানে কমফোর্ট ফিল না-ও হতে পারেন।’
গত শুক্রবার সকালে উত্তরার ১৩ নম্বর সেক্টরের ৮ নম্বর বাড়ির সপ্তম তলার একটি ফ্ল্যাটে গ্যাসের আগুনে দগ্ধ হন সুমাইয়া, তাঁর স্বামী ও তিন সন্তান। ফ্ল্যাটটিতে কয়েক দিন আগে স্ত্রী সুমাইয়া ও তিন ছেলেকে নিয়ে ওঠেন ঢাকার মার্কিন দূতাবাসের প্রকৌশলী মো. শাহনাওয়াজ (৫০)। আগুনে দগ্ধ হয়ে ছোট ছেলে জায়ান বিন নাওয়াজ এবং বড় ছেলে শালীন বিন নাওয়াজ শুক্রবারই মারা যায়। এক দিন পর শনিবার বিকেলে মারা যান শাহনাওয়াজ। আগুনে সুমাইয়ার শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে।