অগ্নিদগ্ধ সেই শিশুর মৃত্যু
গাজীপুরে অগ্নিদগ্ধ এক শিশু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক মাসের বেশি সময় চিকিৎসাধীন থাকার পর গতকাল বুধবার সন্ধ্যায় মারা গেছে। আগুনে শরীরের ৪২ শতাংশ পুড়ে গিয়েছিল আট বছরের মরিয়ম আক্তার ওরফে রূপা নামে মেয়েটির।
এদিকে, মরিয়ম তাদের বাড়ির গ্যাসের চুলার আগুনে, নাকি গাজীপুরে বাসে পেট্রলবোমার আগুনে দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল, তা নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। মরিয়মদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর থানার উত্তর গোবিন্দপুরের বাগচান্দা গ্রামে। তার বাবা মৃত মো. মতিন মিয়া ও মা নার্গিস আক্তার।
মরিয়মের অগ্নিদগ্ধ হওয়া নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর জানা যায়, সে গাজীপুর সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডের বরুদা এলাকায় নিজেদের বাসায় গ্যাসের চুলার আগুনে দগ্ধ হয়। এটি ৩ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকের ঘটনা। মরিয়মের মামা লাল মিয়া জানান, ঘরের বারান্দায় গ্যাসের চুলায় দেশলাই দিয়ে আগুন ধরিয়ে সে তার সহপাঠী সামিয়ার সঙ্গে খেলা করছিল। একপর্যায়ে তার জামায় আগুন ধরে যায়। পরে তাকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের জরুরি বিভাগের রেজিস্টার থেকে জানা যায়, মরিয়মকে হাসপাতালে নেওয়া হয় ৩ ফেব্রুয়ারি বেলা ১১টায়। পরে তাকে হাসপাতালের শিশু ও সার্জারি বিভাগের চিকিৎসক শংকর চন্দ্রের তত্ত্বাবধানে ভর্তি করা হয়। তার শ্বাসনালি ফুলে যাওয়ায় ৪ ফেব্রুয়ারি বিকেলে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। সন্ধ্যার পর তাকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়। রেজিস্টারের ১১৪৭ নম্বর ক্রমিকে মরিয়মের নাম, বাবার নাম ও গাজীপুরের বাসার ঠিকানা লেখা আছে।
পুলিশের ভাষ্য ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ৪ ফেব্রুয়ারি বুধবার রাত পৌনে নয়টার দিকে একটি যাত্রীবাহী বাস গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির কাছাকাছি এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত বাসটিতে পেট্রলবোমা ছুড়ে মারে। এতে ঢাকা থেকে গাজীপুরগামী বলাকা পরিবহনের ওই বাসে আগুন ধরে যায়। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের কর্মীরা গিয়ে এলাকাবাসীর সহায়তায় আগুন নেভান। আগুনে বাসটির সামনের কিছু অংশ পুড়ে যায়।
এজাহারে জয়দেবপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রেজাউল করিম আরও উল্লেখ করেন, সংবাদ পেয়ে তিনি ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারপর গাড়িতে থাকা আগুনে দগ্ধ যাত্রী মরিয়ম (৮), কামরুল হাসান (৩০), সবুজ (১৯), জাহাঙ্গীর (৪২) ও সোহেল রানাকে (৩৪) গাজীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
মরিয়মের ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে এলাকায় তা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। যে শিশুটি বাসায় গ্যাসের চুলার আগুনে দগ্ধ হয়ে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিল, সে আবার কীভাবে বাসে পেট্রলবোমায় দগ্ধ হয়—গণমাধ্যমে এ খবর প্রকাশিত হলো। শুধু তা-ই নয়, বাসে পেট্রলবোমার ঘটনায় জয়দেবপুর থানার এএসআই রেজাউল করিম বাদী হয়ে দায়ের করা মামলায় আহত ব্যক্তিদের তালিকায় মরিয়মের নামটি এক নম্বরে চলে এল।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান জানান, প্রাথমিকভাবে ঘটনাস্থলে যে তথ্য পাওয়া গেছে, তা দিয়েই মামলা দায়ের করা হয়েছে। ওই ঘটনায় সত্যি সত্যিই মরিয়মের অগ্নিদগ্ধের ঘটনা ঘটে থাকলে মামলাটি ৩০২ ধারায় রূপান্তর করা হবে। আর তা না হলে তার নাম মামলা থেকে বাদ দেওয়া হবে।