নোয়াখালীর চাটখিলে যুবলীগ কর্মী কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামির দাদা শোবার ঘরে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। পুলিশের পাহারা থাকার পরও কীভাবে পৌরসভার ছয়ানী-টকবা গ্রামের ওই বাড়িতে আগুন লেগেছে বা কারা আগুন দিয়েছে তা নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। গতকাল সোমবার ভোর পাঁচটা পর্যন্ত ওই বাড়িতে পুলিশের পাহারা ছিল। তখন বাড়িতে কেউ ছিলেন না।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান প্রথম আলোকে বলেন, ওই বাড়িতে (আসামি রবিনদের) পুলিশের পাহারা ছিল। রাতে বাড়িতে কোনো লোকজন ছিল না। ভোর পাঁচটার দিকে পুলিশ চলে আসার পর ওই বৃদ্ধ কীভাবে বাড়িতে এলেন এবং কারা তাঁকে ঘরের ভেতরে রেখে আগুন দিল তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানায়, অগ্নিদগ্ধ সিদ্দিক উল্লাকে (৮০) গুরুতর আহত অবস্থায় গতকাল সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। এর আগে গত রোববার যুবলীগ কর্মী তারেক হোসেনকে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তারেকের বড় ভাই মোতাহের হোসেন বাদী হয়ে রবিনসহ দশজনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা করেন। তারেকের বাড়িও ছয়ানী-টকবা গ্রামে।
চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা খোরশেদ আলম জানান, আগুনে সিদ্দিক উল্লার শরীরের ১৫-২০ ভাগ পুড়ে যায়। গতকাল সকাল পৌনে সাতটার দিকে দগ্ধ অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করেন কয়েকজন লোক। তাৎক্ষণিকভাবে রোগীকে জেলা সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু রোগীকে ফেলে রেখে লোকজন হাসপাতাল ছেড়ে চলে যান। পরে সকাল নয়টার দিকে তাঁর মৃত্যু হয়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম উদ্দিন বলেন, হাসপাতাল থেকে অগ্নিদগ্ধ এক ব্যক্তির মৃত্যুর সংবাদ জানানোর পর পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। তবে সিদ্দিক উল্লা নিহত হওয়ার বিষয়ে তাঁর পরিবারের কেউ গতকাল বিকেল পর্যন্ত থানায় যোগাযোগ করেননি।
স্থানীয় লোকজনের ভাষ্য, তারেককে কুপিয়ে হত্যার ঘটনার পর রোববার বিকেলে রবিনদের বাড়িতে হামলা চালানো হয়। হামলাকারীরা ঘরের আসবাবপত্র ভাঙচুর করে এবং তাতে আগুন ধরিয়ে দেয়।
এদিকে তারেক হত্যার ঘটনায় করা মামলায় রবিনের বাবা লোকমান হোসেন ও ছোট ভাই জাহিদুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাটখিল থানার ওসি মো. নাছিম উদ্দিন বলেন, তারেক হত্যার ঘটনায় গ্রেপ্তার এজহারভুক্ত দুই আসামিকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।