অগ্নিদগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু, স্বামী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুরে হাসিনা বেগম (৩৫) নামের এক গৃহবধূ গত বুধবার অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। পুলিশ এ ঘটনায় তাঁর স্বামী জসিমউদ্দিনকে আটক করেছে।
মিরপুর থানার পুলিশ বলছে, হাসিনা স্বামী জসিমউদ্দিনের সঙ্গে মিরপুর ২ নম্বর সেকশনের ১ নম্বর ব্লকের একটি বাড়িতে ভাড়া থাকতেন। জসিমউদ্দিন পল্লবীর একটি সিরামিক কারখানার গাড়িচালক। গত বুধবার দুপুর ১২টার দিকে ওই বাসায় হাসিনা অগ্নিদগ্ধ হন। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে তাঁর মৃত্যু হয়। তাঁর বাড়ি নরসিংদীর শিবপুরের চাইতুননা গ্রামে।
ঘটনা তদন্তকারী মিরপুর থানার এসআই সুব্রত কুমার রায় বলেন, হাসিনা নিঃসন্তান ছিলেন। মৃত্যুর কারণ জানতে তাঁর স্বামী জসিমউদ্দিনকে আটক করা হয়েছে।