অগ্নিদগ্ধ হয়ে নানি-নাতির মৃত্যু
পাবনার সুজানগর উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের শ্যামনগর গ্রামে বুধবার রাতে অগ্নিদগ্ধ হয়ে নানি ও নাতির মৃত্যু হয়েছে। রান্নার চুলা থেকে ঘরে আগুন ধরে গেলে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন জিন্দার আলী শেখের স্ত্রী হামিদা খাতুন (৫৮) ও তাঁর নাতি অসীম উদ্দিন (১০)।প্রত্যক্ষদর্শীদের অনেকে জানান, হামিদা খাতুন রান্না শেষে চুলার আগুন না নিভিয়ে ঘরে যান। রাত নয়টার দিকে খাওয়ার পর তিনি নাতিকে ঘরে ঘুমিয়ে রেখে পাশের বাড়িতে যান। এ সময় চুলা থেকে আগুন ঘরে লেগে যায়। মুহূর্তের মধ্যে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। হামিদা খাতুন তা দেখতে পেয়ে নাতিকে উদ্ধারের জন্য ঘরে ঢুকে আর বের হতে পারেননি। এতে ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে নানি ও নাতির মৃত্যু ঘটে। পরে এলাকাবাসী ও দমকল বাহিনীর সদস্যরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল হোসেন জানান, আগুনে ওই বাড়ির দুটি বসতঘর ও একটি রান্নাঘর, নগদ কিছু টাকা, আসবাব ও অন্যান্য মালামাল পুড়ে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। খবরটি জানার পর সুজানগর উপজেলা চেয়ারম্যান আহমেদ ফিরোজ কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম নূরুল ইসলামসহ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। জেলা প্রশাসনের ত্রাণ তহবিল থেকে তৎক্ষণাৎ নিহত ব্যক্তিদের দাফনকাজের জন্য ১০ হাজার টাকা সহযোগিতা দেওয়া হয়েছে।