অগ্নিদগ্ধ হয়ে বাবুলের মেয়ের পর ছেলে ও স্ত্রীর মৃত্যু
অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া ছেলে রনিকে (১৭) দাফনের দুই ঘণ্টা পর বাবুল মিয়ার কাছে খবর এল স্ত্রী রূপিয়া বেগমও (৩২) মারা গেছেন। গত বুধবার সন্ধ্যা সাতটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রূপিয়ার মৃত্যু হয়। এর আগে ওই দিন সকাল সাতটায় বাবুলের একমাত্র ছেলে রনি একই হাসপাতালে মারা যায়।
এর আগে একই অগ্নিকাণ্ডের ঘটনায় বাবুলের একমাত্র মেয়েও মারা যায়। বাবুলের বাড়ি দিনাজপুরের ফুলবাড়ীর মাদিলাহাট গ্রামে। বাবুল মাদিলাহাটে জ্বালানি তেলের ব্যবসা করেন।
বাবুলের বড় ভাই খেতাব উদ্দিন বলেন, গত শনিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় বাবুলের স্ত্রী রূপিয়া বেগম, একমাত্র মেয়ে মনিরা খাতুন (১৫) ও একমাত্র ছেলে রনি অগ্নিদগ্ধ হয়। এ ঘটনার পর রাতেই তিনজনকে প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকেরা তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে অবস্থার অবনতি হলে তিনজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। গত রোববার সকাল সাতটায় ঢাকায় পৌঁছানোর আগে আমিন বাজারে অ্যাম্বুলেন্সে মনিরা মারা যায়। রোববার বিকেলে মনিরার লাশ দাফন করা হয়। রূপিয়া ও রনিকে রোববার সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সাতটার দিকে রনি মারা যায়। বুধবার সন্ধ্যায় রনির লাশ মাদিলাহাট গ্রামে দাফন করা হয়। রনিকে দাফনের দুই ঘণ্টা পর সন্ধ্যা সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় রূপিয়াও মারা যান।
খেতাব উদ্দিন বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় স্ত্রী, ছেলে ও মেয়ের মৃত্যুর শোক বাবুল কীভাবে সহ্য করবে, সে ভাষা জানা নেই।’
স্থানীয় বেতদীঘি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবদুল কুদ্দুছ প্রথম আলোকে বলেন, গত শনিবার রাতে ওই অগ্নিকাণ্ডের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এহতেশাম রেজা তাঁর (বাবুল) স্ত্রী-ছেলে ও মেয়ের চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করেন। কিন্তু অনেক চেষ্টা করেও তাঁদের বাঁচানো গেল না। গতকাল বৃহস্পতিবার ভোররাতে ঢাকা থেকে রূপিয়ার লাশ মাদিলাহাটে গ্রামে এসে পৌঁছানোর পর এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। পরিবারের সদস্যরা ছাড়াও প্রতিবেশী ও এলাকার অসংখ্য নারী-পুরুষ রূপিয়ার লাশ দেখতে এসে কান্নায় ভেঙে পড়েন। গতকাল বাদ জোহর জানাজা শেষে তাঁর লাশ দাফন করা হয়।