অগ্নিদগ্ধ হয়ে মা-মেয়ের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ সদর উপজেলার চর ছোনগাছা গ্রামে বিদ্যুতের তার ছিঁড়ে অগ্নিদগ্ধ হয়ে সুখিতন বেগম (২৫) ও তাঁর চার মাসের মেয়ে সুবর্ণা মারা গেছে। গুরুতর আহত সুখিতনের অপর মেয়ে নাইমাকে (৩) সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ওই রাতে সদর উপজেলার চর ছোনগাছা গ্রামের নজরুল ইসলামের বসতঘরের ওপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে টিনের ঘরের ওপর পড়ে। সঙ্গে সঙ্গে ঘরে ও গাছে আগুন লেগে যায়। এ সময় ঘরে ঘুমিয়ে থাকা নজরুলের স্ত্রী সুখিতন ও মেয়ে সুবর্ণা অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। আগুন দেখে প্রতিবেশীরা এগিয়ে এসে ঘরের দরজা ও বেড়া ভেঙে অগ্নিদগ্ধ অবস্থায় নাইমাকে উদ্ধার করে। নজরুল ইসলাম বেলকুচিতে তাঁতশ্রমিকের কাজ করেন। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। অগ্নিকাণ্ডে একটি ছাগল, একটি গরুও মারা গেছে।সিরাজগঞ্জ পল্লী বিদ্যুত্ সমিতির মহাব্যবস্থাপক শহিদুজ্জামান বলেন, ঘটনার সময় হালকা ঝোড়ো বাতাস ছিল। গাছের ডালের সঙ্গে বিদ্যুতের তারের ঘর্ষণের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক নুরুন্নবী জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।