প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের মোকাররমপট্টি গ্রামে গতকাল বৃহস্পতিবার ভোররাতে নিজ মুরগির খামারে অগ্নিদগ্ধ হয়ে মহসিন মাতুব্বর (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পরে নিহতের পরিবারের সম্মতিতে সকাল ১০টার দিকে জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ঘারুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শফিউদ্দিন মোল্লা জানান, মহসিন মাতুব্বর কয়েক বছর ধরে বাড়ির পাশের জায়গায় মুরগির খামার গড়ে তোলেন। ওই খামারেই তিনি রাতে থাকতেন। গতকাল ভোর চারটার দিকে বৈদ্যুতিক গোলযোগের কারণে খামারে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় মহসিন ঘর থেকে বেরোতে পারেননি। ভেতরে আটকা পড়ে তিনি অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। আগুনে খামারের প্রায় ১ হাজার ৪০০ মুরগি পুড়ে মারা যায়।