অগ্নিদগ্ধদের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি হরতাল-অবরোধে অগ্নিদগ্ধ মানুষের চিকিৎসা ও পুনর্বাসন কাজে সহযোগিতার জন্য শিক্ষকদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রদানের ঘোষণা দিয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। 

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতৃত্বে বাংলাদেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি একই কর্মসূচি পালন করবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এ ছাড়া আগামী ২ ফেব্রুয়ারি অপরাজেয় বাংলার পাদদেশ থেকে বেলা ১১টায় শহীদ মিনার পর্যন্ত মৌন মিছিল করার কর্মসূচিও ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল। লিখিত বক্তব্য থেকে তিনি সরকারের কাছে কয়েকটি দাবি জানান। এর মধ্যে রয়েছে—সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের অবিলম্বে আইনের আওতায় এনে কঠোর শাস্তির বিধান করা, অ্যাসিড অপরাধ দমন আইন ২০০২-এর মতো চলতি অধিবেশনে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে পেট্রলবোমা অপরাধ দমনে নতুন আইন প্রণয়ন করা ও ক্ষতিগ্রস্তদের সম্পূর্ণ পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া। সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ কথা বলার ক্ষেত্রে আরও দায়িত্বশীল হতে সংবাদ সম্মেলন থেকে আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলন থেকে আসন্ন এসএসসি পরীক্ষা নির্বিঘ্ন করতে এই হরতাল ও অবরোধ কর্মসূচি প্রত্যাহার করতে অবরোধকারীদের প্রতি আহ্বান জানানো হয়। মাকসুদ কামাল বলেন, ‘দেশের সার্বিক কল্যাণ চিন্তা করে রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করুন। কোনো যৌক্তিক রাজনৈতিক কর্মসূচি হলেও সব শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষাকার্যক্রমকে এর আওতামুক্ত রাখুন।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘রাজনীতি হবে দেশের উন্নয়নের জন্য। সাধারণ মানুষকে জিম্মি করে ও পেট্রলবোমা মেরে কোনো রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। রাজনীতিকেরা কী ধরনের কর্মসূচি নেবেন, এ বিষয়ে আমরা কোনো পরামর্শ দেব না। দেশ ও জনগণের কথা বিবেচনা করে তাঁরাই কর্মসূচি নেবেন।’
সংবাদ সম্মেলনে সমিতির সাবেক সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আখতারুজ্জামানসহ সাবেক ও বর্তমান শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।