অগ্নিনির্বাপণ ও উদ্ধার তৎপরতার মহড়া
তিনতলা ভবনে অগ্নিকাণ্ড। ভেতরে চিৎকার করছেন কয়েকজন। বাইরের লোকজন তাকিয়ে দেখছেন। ভবনটিতে অগ্নিনির্বাপণের ব্যবস্থাও নেই। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গাড়ি আসে। শুরু হয় অগ্নিনির্বাপণ ও উদ্ধার তৎপরতা। ততক্ষণে কয়েকজন লোক অগ্নিদগ্ধ হয়ে কাতরাচ্ছেন।
এটি কোনো বাস্তব ঘটনা নয়। অগ্নিনির্বাপণ ও উদ্ধার তৎপরতার মহড়া এটি। গতকাল বৃহস্পতিবার মানিকগঞ্জের ঘিওর সরকারি কলেজ মাঠে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এই মহড়ার আয়োজন করে।
বেলা সাড়ে ১১টার দিকে মহড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমনা আল মজীদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ নাঈমুর রহমান। এ সময় বক্তব্য দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের উপপরিচালক সমরেন্দ্রনাথ বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান, ঘিওর ফায়ার স্টেশনের ওয়্যারহাউস পরিদর্শক সাজ্জাদ আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে ঘিওর সরকারি কলেজ ও পাশের ডি এন উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা মহড়া দেখে।
নাঈমুর রহমান বলেন, ভূমিকম্পসহ অন্যান্য দুর্যোগ আসতেই পারে। প্রকৃতির ওপর কারও হাত নেই। তবে এই দুর্যোগ ও অগ্নিকাণ্ড থেকে রক্ষায় যথেষ্ট প্রস্তুতি থাকতে হবে। পাঠ্য বিষয়ের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিনির্বাপণে শিক্ষার্থীদের জ্ঞান থাকতে হবে। এই বিষয়ে শিক্ষার্থীরাই জনসচেতনতা বাড়াতে কাজ করতে পারে।