অগ্নিনির্বাপণব্যবস্থা না থাকায় দুর্ঘটনার শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের চারটি বহুতল ভবনে অগ্নিনির্বাপণের ব্যবস্থা নেই। এর মধ্যে একটি ভবনে ফায়ার সার্ভিসের গাড়ি ঢোকার কোনো রাস্তাও নেই। ফলে ভবনগুলোতে যেকোনো সময় অগ্নিকাণ্ড বা অন্য কোনো দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

সম্প্রতি ঢাকার উত্তরায় আলাউদ্দিন টাওয়ারে অগ্নিকাণ্ড ঘটার পর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের নির্দেশে নারায়ণগঞ্জের চারটি বহুতল ভবনে জরিপ চালিয়ে অগ্নিনির্বাপণের এ চিত্র পায় নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস। কর্মকর্তারা বলছেন, নারায়ণগঞ্জের বেশির ভাগ বহুতল ভবনেই অগ্নিনির্বাপণের পর্যাপ্ত ব্যবস্থা নেই।

ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ কার্যালয়ের উপসহকারী পরিচালক দিনমণি শর্মা জানান, গত ৩ জুলাই নগরের ৫৫/২৭ এস এম মালেহ রোডে অবস্থিত রিভারভিউ কমপ্লেক্স-২ (নয়তলা), ৫৫/১ এস এম মালেহ রোডে অবস্থিত রিভারভিউ কমপ্লেক্স-১ (নয়তলা), ৫৬/১ এস এম মালেহ রোডে অবস্থিত ফারজানা টাওয়ার (নয়তলা), চারারগোপ এলাকার বিল্লাল টাওয়ারে (১৫ তলা) জরিপ চালানো হয়। এর মধ্যে সম্পূর্ণ বাণিজ্যিক ভবন রিভারভিউ কমপ্লেক্স ১ ও ২ এবং ফারজানা টাওয়ার পাশাপাশি অবস্থিত। ১৫ তলা বিল্লাল টাওয়ারের নিচতলায় মার্কেট রয়েছে। দোতলা থেকে ১৫ তলা পর্যন্ত আবাসিক। বিল্লাল টাওয়ারের প্রতি তলার আয়তন ৩ হাজার ৪০০ বর্গফুট। এ ভবনে ফায়ার সার্ভিসের গাড়ি ঢোকার মতো কোনো রাস্তা নেই। ভবনটিতে অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা নেই। দুটি লিফট থাকলেও সিঁড়ি আছে মাত্র একটি, যার প্রস্থ ৬ ফুট।

রিভারভিউ কমপ্লেক্স-১ ও ২ এবং ফারজানা টাওয়ারেও অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা নেই। ফায়ার সার্ভিসের ছাড়পত্র ছাড়াই পোশাকশিল্পের ক্ষুদ্র কারখানা, গুদাম, শোরুম করা হয়েছে এই তিন ভবনে। সকাল থেকে রাত পর্যন্ত কয়েক হাজার শ্রমিক এসব প্রতিষ্ঠানে কাজ করেন। এসব ভবনে অগ্নিনির্বাপণের জন্য পানির জলাধার করা হয়নি।

জানা গেছে, নারায়ণগঞ্জ বহুতল ভবন নির্মাণে রাজউকের কাছ থেকে নকশা অনুমোদন করাতে হয়। তবে নকশা অনুমোদনের পর তা তদারকের কোনো ব্যবস্থা নেই। বহুতল ভবনগুলোতে অগ্নিনির্বাপণের জন্য পানির কোনো ব্যবস্থা রাখা হয়নি।

দিনমণি শর্মা বলেন, নারায়ণগঞ্জের বেশির ভাগ বহুতল ভবনেই অগ্নিনির্বাপণের পর্যাপ্ত ব্যবস্থা নেই। যে চারটি বহুতল ভবন পরীক্ষা করা হয়েছে, এগুলোর ত্রুটি জরুরি ভিত্তিতে সংশোধন করে পর্যাপ্ত অগ্নিনির্বাপণব্যবস্থা রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে। জরিপের প্রতিবেদন ফায়ার সার্ভিসের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে।

বিল্লাল টাওয়ারের মালিক বিল্লাল হোসেনের প্রতিনিধি কাজী আবদুল হালিম, রিভারভিউ কমপ্লেক্স-১-এর মালিক মো. শাহজাহানের প্রতিনিধি মো. ইউনুস, রিভারভিউ কমপ্লেক্স-২-এর মালিক মো. জুলহাসের প্রতিনিধি আবদুল বাতেন ও ফারজানা টাওয়ারের মালিক আবদুস সাত্তার ঢালীর প্রতিনিধি সাজিদুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা ফায়ার সার্ভিসের জরিপের সত্যতা নিশ্চিত করে বলেন, সমস্যাগুলো সমাধানে সময় চাওয়া হয়েছে।