অগ্নিনির্বাপণব্যবস্থা না থাকায় নারায়ণগঞ্জে সাতটি প্রতিষ্ঠানকে জরিমানা
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটিতে অবস্থিত বিসিক শিল্পনগরী ও সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে সাতটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সামসুদ্দোহার নেতৃত্বে গতকাল রোববার এ অভিযান পরিচালিত হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভ্রাম্যমাণ আদালত বিসিক শিল্পনগরীর রপ্তানিমুখী প্রতিষ্ঠান ইয়েন নিটিংকে ২০ হাজার টাকা, আল-ফালা নিটিংকে ১৫ হাজার টাকা, আল সুরেশ্বরী নিটওয়্যারকে ২০ হাজার টাকা, শহরের কিল্লারপুলে ড্রেসম্যান সোয়েটারকে ১৫ হাজার টাকা, শাড়ি এমব্রয়ডারিকে ১৫ হাজার টাকা, সিদ্ধিরগঞ্জের মিজমিজি বিসমিল্লাহ কেমিক্যালকে ১০ হাজার টাকা ও রাজধানী মেলামাইনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।ম্যাজিস্ট্রেট সামসুদ্দোহা জানান, ফায়ার সার্ভিসের লাইসেন্স ও অগ্নিনির্বাপণ সরঞ্জামাদি না থাকায় প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়েছে।