অগ্নিনির্বাপণব্যবস্থা না থাকায় সিলেট নগরের একটি ভবন ও পাঁচটি প্রতিষ্ঠানকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এই অভিযান চালায়। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভ্রাম্যমাণ আদালত দুপুরে নগরের সোবহানীঘাট মোড়ের ১৩ তলা ভবন রহিম টাওয়ারে যান। ওই ভবনে অগ্নিনির্বাপণব্যবস্থা না থাকায় ভবন মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেন। একই কারণে বিসিক শিল্পনগরীর হানিফ অটো বোর্ড কোম্পানির ২০ হাজার, মা মণি ফুড প্রোডাক্টসকে ১৫ হাজার, রসমেলাকে ২০ হাজার, জিন্দাবাজারের আজগর স্কয়ারের সপুরা সিল্ককে ২০ হাজার ও ক্যাটস আইকে ২০ হাজার টাকা জরিমানা করেন। আদালত এসব প্রতিষ্ঠানকে ১৫ দিনের মধ্যে অগ্নিনির্বাপণ যন্ত্র স্থাপন ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ছাড়পত্র নেওয়ার নির্দেশ দেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালাউদ্দিনের নেতৃত্বে অভিযানে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সিলেটের উপপরিচালক এরফান আলী, সহকারী পরিচালক পরিমল কুন্ডু উপস্থিত ছিলেন। এরফান আলী জানান, নগরের প্রায় ৯৫ শতাংশ ভবনে অগ্নিনির্বাপণব্যবস্থা নেই। অভিযান অব্যাহত থাকবে।