চুয়াডাঙ্গার অধিকাংশ সরকারি এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে অগ্নিনির্বাপণের ব্যবস্থা নেই।চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ভারতের কলকাতার একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে বহু মানুষের প্রাণহানির ঘটনায় স্থানীয় সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর অগ্নিনির্বাপণ-ব্যবস্থা বিষয়ে জরিপ করা হয়। প্রধান কার্যালয়ের নির্দেশে গত ১১ নভেম্বর সকাল থেকে রাত ১০টা পর্যন্ত ১৯টি হাসপাতাল ও ক্লিনিকে এ জরিপ করা হয়।জরিপ অনুযায়ী, চুয়াডাঙ্গার ১০০ শয্যার সদর হাসপাতাল, তিনটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বক্ষব্যাধি ক্লিনিকসহ বেসরকারি পাঁচটি হাসপাতালে কোনো অগ্নিনির্বাপণব্যবস্থা নেই। শুধু জেলা শহরের কেদারগঞ্জে অবস্থিত ইমপ্যাক্ট ফাউন্ডেশন হাসপাতালটিতে পূর্ণাঙ্গ ব্যবস্থা আছে। অন্য আটটি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে নামমাত্র একটি বা দুটি করে এ ব্যবস্থা আছে। অনেকগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তারা জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী হাসপাতাল ও ক্লিনিকগুলোয় প্রতি ৫৫০ বর্গফুট আয়তনের জন্য একটি করে অগ্নিনির্বাপণব্যবস্থা থাকতে হবে। জেলার ৬৫টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের মধ্যে হাতেগোনা কয়েকটিতে একটি করে এ ব্যবস্থা রয়েছে। অথচ প্রতিটি হাসপাতালে তিন ধরনের ব্যবস্থা থাকা দরকার। তা ছাড়া এগুলোর যন্ত্র পরিচালনার জন্য দক্ষ লোকবলও নেই।চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের স্টাফ অফিসার মোদাব্বির হুসাইন প্রথম আলোকে জানান, জানমালের নিরাপত্তার স্বার্থে হাসপাতাল ও ক্লিনিকগুলোয় পর্যাপ্ত পানি মজুদের ব্যবস্থা রাখা জরুরি। কিন্তু কর্তৃপক্ষের অগ্নি-নির্বাপণব্যবস্থা ও বাস্তবতা বিষয়ে কোনো ধারণা নেই এবং ওয়্যার হাউসসংক্রান্ত কোনো অনুমোদন নেই। তা ছাড়া এগুলোয় কখনো অগ্নিনির্বাপণ মহড়া হয় না বা মহড়ার ছাড়পত্র নেই।সিভিল সার্জন খন্দকার মিজানুর রহমান বলেন, ‘সরকারিভাবে এ পর্যন্ত কোনো নির্দেশনা পাইনি। তবে জানমালের নিরাপত্তার স্বার্থে অবশ্যই এ ব্যবস্থা থাকা প্রয়োজন।’