অগ্নিনির্বাপণের পূর্ণাঙ্গ ব্যবস্থা নেই ৯৭ শতাংশ ভবনে
ঢাকা শহরের ৯৭ শতাংশ বহুতল ভবনে অগ্নিনির্বাপণের পূর্ণাঙ্গ ব্যবস্থা নেই। বেশির ভাগ ক্ষেত্রেই রয়েছে শুধু অগ্নিনির্বাপক যন্ত্র, যার ব্যবহার সম্পর্কে অজ্ঞ সিংহভাগ মানুষ। সরকারের হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট এবং সেন্টার ফর আরবান স্টাডিজের (সিইউএস) সর্বশেষ জরিপে এসব তথ্য পাওয়া গেছে। ঢাকায় বহুতল ভবনগুলোতে আগুন লাগার প্রবণতা বৃদ্ধির কারণ নির্ণয় করতে গিয়ে গত ডিসেম্বর থেকে এ বছরের মে মাস পর্যন্ত যে জরিপ পরিচালনা করা হয়, তাতে হাতে গোনা কয়েকটি বহুতল ভবনকে নিরাপদ বলে চিহ্নিত করা হয়েছে। কিন্তু দমকল বাহিনী কর্তৃপক্ষ বলছে, শুধু ২০০৯ সালেই ঢাকা শহরে এক হাজার ৩৮৪টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এ সংখ্যা বেড়েই চলেছে। পরিসংখ্যানে দেখা গেছে, ২০০৫ এ ৯৮৭টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আর ২০০৯-এ এই সংখ্যা পৌঁছায় এক হাজার ৩৮৪টিতে। শুধু রাজধানীর নিমতলীর অগ্নিকাণ্ডেই ১২১ জন প্রাণ হারান, ক্ষয়ক্ষতি হয় এক কোটি ৬৮ লাখ ৫৫ হাজার টাকার। জরিপে অংশগ্রহণকারী গবেষকেরা জানান, ভবন নির্মাণের সময় বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, ঢাকা মহানগরের ইমারত নির্মাণ বিধিমালা ঠিকমতো অনুসরণ করা হচ্ছে না। আইনে ভবনগুলোতে পর্যাপ্ত অগ্নিনির্বাপক, জরুরি নির্গমনব্যবস্থা, ফায়ার লিফট, ফায়ার অ্যালার্ম, ভবনের ভূগর্ভে ন্যূনতম দুই লাখ লিটার পানির আধার, দমকল বাহিনী সহজেই যেন আগুন নেভাতে পারে, সে রকম ব্যবস্থা রাখার কথা বলা হচ্ছে। কিন্তু ভবন নির্মাণকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলো এ শর্তগুলো মানছে না। দমকল বাহিনীর পরিচালক (অপারেশনস) শেখ মো. শাহজালাল প্রথম আলোকে বলেন, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডে বহুতল ভবনে ঢোকার রাস্তা ২০ ফুট চওড়া করা ও বাড়িতে পানির আধার রাখার কথা বলা আছে। কিন্তু বেশির ভাগ ভবন মালিকের ধারণা, তাঁরা সব ধরনের বিপদের ঊর্ধ্বে রয়েছেন। গবেষকেরা রাজধানীর মতিঝিল, পুরান ঢাকা, সেগুনবাগিচা, সিদ্ধেশ্বরী, ইস্কাটন, গ্রীন রোড, ফার্মগেট, পান্থপথ, গুলশান, বনানী, উত্তরা ও বিমানবন্দর এলাকার ভবনগুলো জরিপের আওতায় আনেন। এসব এলাকায় বহুতল ভবনের সংখ্যা দুই হাজার ২০০টি। নমুনা হিসেবে ১০৫টি ভবন নেওয়া হয়। এতে দেখা গেছে, মাত্র পাঁচ শতাংশ বহুতল ভবনে জরুরি নির্গমন নির্দেশিকা এবং তিন শতাংশ ভবনে ফায়ার লিফট আছে। ৬০ শতাংশ ভবনে জরুরি বহির্গমন দরজা এবং ৬৪ শতাংশ ভবনে ফায়ার অ্যালার্মের কোনো ব্যবস্থা নেই। আগুন নেভানোর জন্য পানির ব্যবস্থা রয়েছে মাত্র ৩১ শতাংশ ভবনে। জরিপকৃত ভবনগুলোর মধ্যে আবাসিক ও বাণিজ্যিক অথবা মিশ্র প্রকৃতির ভবন রয়েছে। ১৯ শতাংশ ভবনে অগ্নিনির্বাপণের কোনো ধরনের ব্যবস্থা নেই। কিন্তু অগ্নিনির্বাপক আছে ৮০ শতাংশ ভবনে। এসব সিলিন্ডার থেকে কার্বন ডাই-অক্সাইড ও ড্রাই পাউডার ছড়িয়ে আগুন নেভানো যায়। কিন্তু এই নির্বাপকগুলো চালু আছে কি না, যেসব উপাদান থাকা প্রয়োজন সেগুলো আছে কি না, তা পরীক্ষা করে দেখা হয় না; ফায়ার ড্রিলেরও ব্যবস্থা নেই। এ ছাড়া উন্নত বিশ্বে এখন কার্বন ডাই-অক্সাইড ব্যবহারে নিরুৎসাহিত করা হচ্ছে। দমকল বাহিনীর সাবেক উপপরিচালক এবং কমপ্রিহেনসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রামের (সিডিএমপি) পরামর্শক সেলিম নেওয়াজ ভূঁইয়া প্রথম আলোকে জানান, যুক্তরাষ্ট্রের পরিবেশ বিভাগের একটি প্রতিবেদনে বলা আছে, যত মানুষ অগ্নিকাণ্ডে মারা যায়, তার একটা বড় অংশ কার্বন ডাই-অক্সাইড নির্গমনে প্রাণ হারায়। বাংলাদেশে এসব সমীক্ষা হয় না। ধারণা করা হয়, অগ্নিকাণ্ডই প্রাণহানির একমাত্র কারণ। নগরে অগ্নিকাণ্ড মোকাবিলায় হাইড্রেন্ট ব্যবস্থা চালুর ওপর জোর দেন তিনি। সেলিম নেওয়াজ বলেন, পৃথিবীর কোথাও এখন আর গাড়িতে করে পানি বয়ে নিয়ে যাওয়ার উদাহরণ খুঁজে পাওয়া যাবে না। হাইড্রেন্ট ব্যবস্থায় পানির একটি সংযোগকে আলাদা রাখা হয় আগুন নেভানোর কাজে ব্যবহারের জন্য। অগ্নিকাণ্ড ঘটলে দমকল বাহিনীর আগুন নেভানোর জন্য ব্যবহূত পাইপটি পানির ওই উৎসের সঙ্গে সংযোগ দেওয়ার কথা। কিন্তু খুব কম খরচে কাজটি করা গেলেও ভবন মালিকদের মধ্যে আগ্রহ খুবই কম বলে জানায় সূত্রগুলো। এদিকে, অগ্নিকাণ্ডের সংখ্যা বাড়ার কারণ সম্পর্কে হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের কর্মকর্তা মো. আক্তার হোসেন বলেন, ইদানীং ভবনের বিভিন্ন বৈদুু্যুতিক, গ্যাসীয় ও যান্ত্রিক অনুষঙ্গের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় অগ্নিকাণ্ডের হার বেড়েছে। এ ছাড়া ভবনের ভেতরে ও বাইরে দাহ্য পদার্থ দিয়ে তৈরি উপকরণের ব্যবহার সমস্যাটিকে আরও প্রকট করে তুলছে। মানুষ ভবনের সৌন্দর্য বাড়াতে গিয়ে কাঠ, প্লাইউড, পিভিসি ডিজিটাল ব্যানার ও কাচ ব্যবহার করছে। এসবের ব্যবহার ঝুঁকি বাড়াচ্ছে।সিইউএসের গবেষক নুরুল ইসলাম নাজেম জানান, জরিপের সময় তাঁরা বেশ কিছু প্রশ্নমালা ভবনের মালিক কিংবা ব্যবস্থাপকের কাছে দিয়েছিলেন। দু-তিনবার তাগাদা দিয়ে তালিকা ফেরত পেয়েছেন। গুলশান ও বনানীর বেশ কিছু বাড়িতে প্রবেশ করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন। যদিও এসব বাড়ি ঝুঁকিপূর্ণ ছিল। ১০৫টি বাড়ির মধ্যে মাত্র তিনটিকে তাঁরা নিরাপদ বলে রায় দিয়েছেন। অনেক ক্ষেত্রে তাঁরা দমকল বাহিনীর ছাড়পত্র নিয়েছেন বলে দাবি করলেও পরে তাঁদের কথার সত্যতা পাওয়া যায়নি বলেও মন্তব্য করেন গবেষকেরা।