অগ্নিনির্বাপণের ব্যবস্থা না থাকলে গার্মেন্টস বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অগ্নিনির্বাপণে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে তৈরি পোশাক (গার্মেন্টস) কারখানা বন্ধ করে দেবে সরকার। কারখানা প্রতিষ্ঠার আগে সরকারের পক্ষ থেকে যেসব শর্ত দেওয়া হয়েছিল, তা মেনে চলতে হবে। যদি কেউ শর্ত ভঙ্গ করে, তবে আইনানুযায়ী কারখানা বন্ধ কিংবা মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায় করা হবে।গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘গার্মেন্টস কারখানায় অগ্নিনির্বাপণে করণীয়’ শীর্ষক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক। বৈঠকে পোশাক প্রস্তুতকারক মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গার্মেন্টসগুলোয় কর্মরত শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে সেখানে দুটি বিকল্প সিঁড়ি থাকা প্রয়োজন। ছাদের ওপর কোনো স্থাপনা রাখা যাবে না এবং কর্মরত শ্রমিকদের নিয়মিত অগ্নিনির্বাপণের প্রশিক্ষণ দেওয়া বাধ্যতামূলক করা হবে। তিনি বলেন, গার্মেন্টসগুলো যেসব শর্ত পূরণ করে অনুমোদন নিয়েছে, সেগুলো বাস্তবায়নে জোর দেওয়া হবে। এ ব্যাপারে বিজিএমইএ ও বিকেএমইএ প্রতিনিধিরা একমত হয়েছেন বলে জানান সামসুল হক।বৈঠকে অগ্নি প্রতিরোধ ও নির্বাপক কমিটি অগ্নিকাণ্ডের কারণ উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন জমা দিয়েছে। সেখানে প্রতিকার সম্পর্কে বিভিন্ন সুপারিশের কথা উল্লেখ করা হয়।বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, অগ্নিকাণ্ড প্রতিরোধে মন্ত্রণালয়ের ১২টি কমিটি আছে। কমিটিগুলো আবারও সক্রিয় করা হবে এবং অগ্নিকাণ্ড প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে। এ ছাড়া শিগগিরই যাতে শিল্প পুলিশ গড়ে তোলা যায়, সরকার সে চেষ্টা করছে।বৈঠকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মো. শাহিদুল্লাহসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।