অগ্নিমূল্যের গো-খাদ্যে ভেজাল, ওজনেও কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় মাসের ব্যবধানে পাবনা-সিরাজগঞ্জ অঞ্চলে গো-খাদ্যের দাম দেড় থেকে দুই গুণ বেড়েছে। অগ্নিমূল্যের গো-খাদ্যে ভেজাল ও ওজনে কম দিয়ে খামারিদের ঠকানো হচ্ছে। খামারিরা বলছেন, এতে গরু পালনের খরচ বেড়ে গেছে। খরচ কমাতে বহু খামারি গরুকে কম খাদ্য খাওয়ানোয় দেশের প্রধান দুগ্ধ উৎপাদনকারী এলাকা বলে খ্যাত পাবনা-সিরাজগঞ্জে দুধের উৎপাদন অনেক কমে গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাবনার বেড়া, সাঁথিয়া, ফরিদপুর, ভাঙ্গুড়া এবং সিরাজগঞ্জের শাহজাদপুর ও উল্লাপাড়া উপজেলা নিয়ে গড়ে ওঠা দেশের প্রধান দুগ্ধ উৎপাদনকারী অঞ্চলে লক্ষাধিক গরুর খামার রয়েছে। প্রচুর দুধ উৎপাদিত হওয়ায় এ অঞ্চল থেকে মিল্ক ভিটা, আড়ং, প্রাণ, ফার্মফ্রেস, অ্যামো মিল্ক, আফতাব, রংপুর ডেইরিসহ কয়েকটি প্রতিষ্ঠান প্রতিদিন প্রায় তিন লাখ লিটার তরল দুধ সংগ্রহ ও প্রক্রিয়াজাত করে সারা দেশে বিক্রি করে থাকে।সূত্র জানায়, এখানে গো-খাদ্যের ব্যাপক চাহিদার কারণে গোটা অঞ্চলজুড়ে গড়ে উঠেছে গো-খাদ্যের অসংখ্য দোকান। ছয় মাসে প্রতি মণ খড়ের দাম ১৩০ থেকে বেড়ে এখন ২৬০-২৭০ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে প্রতি মণ গমের ভুসি ৭৫০ থেকে বেড়ে ৯৫০ টাকায় বিক্রি হচ্ছে। ভুসির দাম বেড়ে চলায় একশ্রেণীর ব্যবসায়ী ভুসিতে ব্যাপক হারে ভেজাল মেশাচ্ছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ভেজালকারীরা ভালো ভুসির সঙ্গে তুষ, পচা আটা, পচা চাল, কাঠের গুঁড়া প্রভৃতি মেশান। পরে সেগুলো বস্তায় ভরে ভুয়া লেবেল লাগিয়ে বাজারে বিক্রি করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুসিব্যবসায়ীরা জানান, গুটিকয়েক ব্যবসায়ী ভেজাল মেশালেও তাতে দুর্নাম হচ্ছে সব ভুসিব্যবসায়ীর। এদিকে খড় কিনতে গিয়েও খামারিরা প্রতারিত হচ্ছেন। প্রতি মণ খড়ে খামারিদের পাঁচ থেকে সাত কেজি করে কম দেওয়া হচ্ছে বলে তাঁরা অভিযোগ করেছেন। বেড়া ও সাঁথিয়ার বেশ কয়েকটি স্থান ঘুরে দেখা গেছে, মণ দরে খর বিক্রির কথা বলে বিক্রেতারা অনুমানের ভিত্তিতে তা বিক্রি করছেন। কোনো বিক্রেতার কাছেই ওজন দেওয়ার মতো দাঁড়িপাল্লা দেখা যায়নি। বেড়া বাসস্ট্যান্ডের পাশের খড়বিক্রেতা আবদুল খালেক ও মতিউর রহমান বলেন, এখন অনুমানের ভিত্তিতেই খড় বিক্রি করা হয়। এতে দু-এক কেজি এদিক-ওদিক হলেও বড় ধরনের হেরফের হয় না বলে তাঁদের দাবি।বেড়া পৌর এলাকার আমাইকোলা মহল্লার খামারি আবদুর রউফ বলেন, ‘ভেজাল ভুসি খায়া গরুগুলা অসুস্থ হত্যাছে, দুধও কুম্যা যাত্যাছে। আর এক মণ খ্যাড় (খড়) কিনলি ৩২-৩৩ স্যার পাওয়া যায়। খ্যাড় ব্যবসায়ীগরে ভাব এমন, “নিলি ন্যাও, না হলি বাড়িত যাও।” এ রম অবস্থায় গরু আর পালা যাবি না।’দুগ্ধ সংগ্রহকারী প্রতিষ্ঠান প্রাণের এলাকা ব্যবস্থাপক (বেড়া) রফিকুল ইসলাম বলেন, ‘এ এলাকায় দুধের উৎপাদন অনেক কমে গেছে। দাম বাড়িয়েও আমরা খামারিদের কাছ থেকে প্রত্যাশিত দুধ পাচ্ছি না। গো-খাদ্যের চরম সংকটের কারণেই দুধের উৎপাদন কমে গেছে বলে আমরা জানতে পেরেছি।’ বেড়া উপজেলা পশুসম্পদ কর্মকর্তা জহুরুল আলম বলেন, ‘এই সময়ে কাঁচা ঘাস কম পাওয়া যায় বলে খামারিরা খড়-ভুসির ওপরই নির্ভরশীল থাকেন। কিন্তু খড়ে ওজন কম ও ভুসিতে ভেজাল দেওয়ায় খামারিরা প্রতারিত হচ্ছেন বলে অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে ইতিমধ্যে আমি ইউএনও মহোদয়ের সঙ্গে কথা বলেছি। এ ব্যাপারে শিগগির আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’